সিলেটের তারাপুর চা-বাগানে অবৈধভাবে স্থাপন করা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ যাবতীয় স্থাপনা উচ্ছেদ নয়, প্রয়োজনে সরকারীকরণ করে রক্ষার আহ্বান জানানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে ‘আমরা সিলেটবাসী’ ব্যানারে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রাগীব আলীর নাম সরিয়ে জাতীয় কোনো নেতার নামে রেখে প্রতিষ্ঠানটি রক্ষা করা যেতে পারে। তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তারাপুর চা-বাগানে গড়ে ওঠা মেডিকেল কলেজ ও হাসপাতালে দেশ-বিদেশের ১ হাজার ১০০ শিক্ষার্থী রয়েছেন। মদনমোহন কলেজের একটি ক্যাম্পাসও রয়েছে সেখানে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এসব উচ্ছেদ হলে বিপুলসংখ্যক মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।
এতে আরও বলা হয়, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দিলে কয়েক হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হবে। বাস্তুহারা হয়ে রাস্তায় বসবে কয়েক হাজার মানুষ ও তাঁদের পরিবার। তাই মানবিক কারণে হলেও কলেজ-হাসপাতালসহ সব প্রতিষ্ঠান, বসতবাড়ি ও স্থাপনা রক্ষার বিকল্প পথ খুঁজে বের করতে হবে।
সংবাদ সম্মেলনে এলাকার প্রবীণ বাসিন্দা আবদুর রাজ্জাক রাজা মিয়া স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করে শোনান শাহরিয়ার করিম সেলিম। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশসহ অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টের আপিল বিভাগ এক রায়ে তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় সিলেট জেলা প্রশাসনকে।
১৫ মে চা-বাগানের ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। রায়ের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক মেডিকেল কলেজ ও হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা ৩০ জুলাইয়ের মধ্যে সরানোর নির্দেশনা জারি করেন।
কিন্তু বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে সরেনি কোনো স্থাপনা। এ অবস্থায় করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে রোববার বৈঠক করে জেলা প্রশাসন। ওই বৈঠকের বরাত দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের রায় বাস্তবায়ন ছাড়া প্রশাসনের হাতে আর কোনো করণীয় নেই। তারপরও এ ব্যাপারে প্রধান আইন কর্মকর্তার মতামত নেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।