মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সরকারি করার সিদ্ধান্তে উপজেলা শহরে গতকাল মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বেলা ১১টার দিকে কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকার সিরাজুল হক মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পৌর মেয়র মো. তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আবু ছাঈদ মিয়া প্রমুখ। সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে ১৯৯টি বেসরকারি কলেজ সরকারি করার সিদ্ধান্তের মধ্যে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজটিও রয়েছে।