সরকারে অস্বস্তি, আরও কঠোর হওয়ার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলগুলোর সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে শেষ পর্যন্ত একতরফা নির্বাচন করতে সক্ষম হচ্ছে সরকার। তবে প্রার্থীসংকট এবং আচরণবিধি ও নির্বাচনী আইন না মানার কারণে এ নির্বাচন নিয়ে যে কৌতুককর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে সরকারও স্বস্তিতে নেই।
প্রার্থী না থাকায় ইতিমধ্যে ১৫৩টি আসনে ভোট ছাড়াই প্রার্থীরা নির্বাচিত হয়ে গেছেন। এখন ১৪৭টি আসনে ভোট গ্রহণ বাকি। বিরোধী দলের প্রতিরোধের মুখে ৫ জানুয়ারির নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যাবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ও উৎকণ্ঠা রয়েছে। এ প্রেক্ষাপটে সরকারের মন্ত্রীরা প্রকাশ্যেই বলছেন, এটি নিয়মরক্ষার নির্বাচন।

সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, নির্বাচন  হয়ে গেলে সরকার আরও কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করবে। আরও শক্ত হাতে বিরোধী দলকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দমন করা হবে।
বিরোধী দলও মনে করে, টানা অবরোধ বা হরতাল দিয়ে নির্বাচন প্রতিরোধ করা যাবে না। এই নির্বাচনের পর কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো যাবে, এটাও তারা মনে করে না।
বিশিষ্ট নাগরিকদের কেউ কেউ বলছেন, সরকার যা চায়, তা সব সময় করতে পেরেছে এমনটি নয়। জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে দাঁড় করানো, বিএনএফ নামে একটি দল তৈরি করে রাজনীতির মাঠে পুনর্বাসন করা, বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে সব দলকে একত্র করে নির্বাচনী বৈতরণি পার হওয়া এবং বিএনপিকে ভেঙে একটি অংশকে নির্বাচনে আনার চেষ্টাসহ বিভিন্ন উদ্যোগ একের পর এক ব্যর্থ হয়েছে।
বর্তমানের সংঘাতময় পরিস্থিতিতে নির্বাচন  হলে এর পরিণতি ভয়াবহ হবে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, একগুঁয়েমির পরিণতি কোথাও, কখনো ভালো হয়নি। এভাবে চললে দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা বিধ্বস্ত হবে, দেশ সেই ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত হবে। তাঁর আশঙ্কা, এভাবে চললে কোনো কোনো গোষ্ঠী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের মতো আত্মঘাতী বোমা হামলার পথ বেছে নিতে পারে। সেটা হলে খুবই দুঃখজনক হবে।

বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে দেশজুড়ে যে অচলাবস্থা চলছে, তা স্বীকার করেন সরকারি দলের নেতারা। তবে তাঁরা মনে করছেন, বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে দেশকে অচল করতে চাইলেও তারা সফল হবে না। জনগণ বোমা হামলার রাজনীতি পছন্দ করে না। তাই শেষ পর্যন্ত জনগণ সরকারের পক্ষেই থাকবে।
৫ জানুয়ারির পর কী হবে: সরকারি দল মনে করে, নির্বাচনের পর সরকার গঠন হলে বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভেঙে যাবে। কারণ, কর্মসূচি ঘোষণা করে তা পালন করতে না পেরে নেতারা দলের ভেতরেই সমালোচিত হচ্ছেন। বিএনপির বেশির ভাগ নেতাই গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে আছেন। এ অবস্থায় নতুন সরকার গঠন হওয়ার পর তারা আরও বেশি চাপে পড়বে। নেতা-কর্মীরা আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন।
সরকার চাইলেও এভাবে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপির একজন সাবেক প্রতিমন্ত্রী। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পলাতক এই কেন্দ্রীয় নেতা বলেন, এক-এগারোর সরকারও বিএনপিকে ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সরকারের দমন-পীড়নে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বিএনপির ঘুরে দাঁড়ানো এখন সময়ের ব্যাপার।

এদিকে দশম সংসদ নির্বাচনে বিরোধী দল অংশ না নেওয়ায় এখন একাদশ সংসদ নির্বাচন নিয়ে দুই দলের ভেতরে আলোচনা চলছে বলে জানা গেছে। দুই দলের নেতারা বলছেন, কূটনীতিকদের চলমান উদ্যোগও একাদশ সংসদ নির্বাচন ঘিরে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সংলাপ-সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সব নিবন্ধিত দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। আমরা আশা করি, বিরোধী দল প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে।’ এর অর্থ হলো, সরকার জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে বলছে। কারণ, হাইকোর্টের রায় ও নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, জামায়াত এখন আর নিবন্ধিত দল নয়। যদিও জামায়াত বিবৃতি দিয়ে দাবি করেছিল যে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াত নিবন্ধিত দল।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিরোধী দল কার সঙ্গে জোট করবে, কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, তা দেখার দায়িত্ব সরকারের নয়। একতরফা নির্বাচনে বিরোধী দল ঠিক করতে গিয়ে সরকার যে পরিস্থিতির মধ্যে পড়েছে, তাতে তার শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। তিনি মনে করেন, এখন ঢাকার বাইরের জেলাগুলোতে কার্যত সরকারের নিয়ন্ত্রণ নেই।