সরকারে থাকলেও গণবিরোধী কাজের বিরোধিতা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সরকারে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে সরকারে থাকলেও মন্ত্রিসভা, সংসদ ও রাজপথে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করা হবে।

আজ শনিবার পার্টির নবম কংগ্রেস চলাকালে এই রাজনৈতিক প্রস্তাবনা অনুমোদিত হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে রাজশাহীতে চার দিনব্যাপী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এতে অনুমোদিত রাজনৈতিক প্রস্তাব নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের সামনে এই অনুমোদিত প্রস্তাবনা নিয়ে কথা বলেন।

প্রস্তাবনায় বলা হয়, বিগত পাঁচ বছরে সাংগঠনিক-রাজনৈতিক কার্যকলাপ কংগ্রেসে আসা প্রতিনিধিরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করছেন। আলোচনায় বাংলাদেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা।

সাংবাদ সম্মেলনে বলা হয়, সরকারে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার জন্য তাঁরা শুধু আওয়ামী লীগের ওপরই নির্ভর করে থাকবেন না। এ জন্য তাঁদের নিজস্ব সাংগঠনিক শক্তিকে তাঁরা বিকশিত করার জন্য কাজ করবেন, যাতে আগামী নির্বাচনে ১৪ দলে থাকলেও তাঁদের যেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে না হয়। দলের প্রতীক কাস্তে হাতুড়ি নিয়ে এবারও সংগঠনের ১৪ জন প্রার্থী নির্বাচন করেছেন। তাঁদের মধ্যে দুজন বিজয়ী হয়েছেন।

দলের কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের গণবিরোধী সিদ্ধান্তের ব্যাপারে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি যত বেশি সম্ভব বিরোধিতা করবে। এ জন্য মন্ত্রিসভা, সংসদ ও রাজপথে তারা আন্দোলন করবেন। একই সঙ্গে স্বাধীনতার সপক্ষের অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা চলবে। এই সিদ্ধান্ত কংগ্রেস অনুমোদন করেছে। তবে মাত্র দুজন পলিট ব্যুরোর সদস্য সরকারে থাকার প্রশ্নে ভিন্নমত প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে ফজলে হোসেন বাদশা বলেন, তাঁরা ১৪ দলের আছেন এবং থাকবেন। তিস্তার পানির হিস্যা নিয়ে তিনি বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের সাম্প্রদায়িক দল ও তাদের দোসররাই দায়ী।

বাদশা বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যেদিন বাংলাদেশে এসেছিলেন চুক্তি করতে, সেদিন ভারতের বিজেপি ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল। আবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের দিন জামায়াত হরতাল ডেকেছিল। আর সেই হরতালের সহিংসতার অজুহাত দেখিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর সঙ্গে সাক্ষাত্ অনুষ্ঠান বাতিল করেছিলেন। আজ তিস্তার পানির দাবিতে বিএনপির লংমার্চ হাস্যকর ও লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে শর্তহীন সমর্থন ও সহযোগিতার জন্য আমরা ভারতের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু তিস্তাসহ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা প্রসঙ্গে বাংলাদেশ কোনো প্রকার ছাড় দেবে না।’ এ সময় দলের কেন্দ্রীয় গণমাধ্যম শাখার সম্পাদক রফিকুল ইসলাম ও ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু উপস্থিত ছিলেন।