বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সরকারে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক। তবে সরকারে থাকলেও মন্ত্রিসভা, সংসদ ও রাজপথে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করা হবে। পার্টির নবম কংগ্রেসে এই রাজনৈতিক প্রস্তাব অনুমোদিত হয়েছে।
রাজশাহীতে গত বৃহস্পতিবার থেকে ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী কংগ্রেস চলছে। এতে অনুমোদিত রাজনৈতিক প্রস্তাব নিয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করা হয়। প্রস্তাব তুলে ধরেন পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা। এতে বলা হয় বিগত পাঁচ বছরে সাংগঠনিক-রাজনৈতিক কার্যকলাপ কংগ্রেসে আগত প্রতিনিধিরা পর্যালোচনা করছেন। আলোচনায় বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে তাঁরা শুধু আওয়ামী লীগের ওপরেই নির্ভর করে থাকবেন না। এ জন্য তাঁদের নিজস্ব সাংগঠনিক শক্তিকে তাঁরা বিকশিত করতে কাজ করবেন, যাতে আগামী নির্বাচনে ১৪ দলে থাকলেও তাঁদের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে না হয়।
অনুমোদিত প্রস্তাবের মধ্যে রয়েছে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের যত বেশি সম্ভব বিরোধিতা করা এবং এ জন্য স্বাধীনতার সপক্ষের অন্য রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা চালানো।
তবে দলের পলিটব্যুরোর দুজন সদস্য সরকারে থাকার বিষয়ে ভিন্নমত দেন। ফজলে হোসেন বলেন, তাঁরা ১৪ দলে আছেন এবং থাকবেন। তিনি বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের সাম্প্রদায়িক দল ও তাদের দোসররাই দায়ী। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে শর্তহীন সমর্থন ও সহযোগিতার জন্য আমরা ভারতের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু তিস্তাসহ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা প্রসঙ্গে বাংলাদেশ কোনো ছাড় দেবে না।’