
আওয়ামী লীগ সরকারে থেকে ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে দলটির সভাপতি শেখ হাসিনা এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় দলটির কেন্দ্রীয় কমিটির বেশির ভাগ নেতা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আওয়ামী লীগ ক্ষমতায় থেকে উদ্যাপন করবে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমি চাই, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এই জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে। তখন নিশ্চয়ই বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হবে।’
সরকারের ধারাবাহিকতা না থাকলে জনগণ উন্নয়নের সুফল পায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব মেগা প্রকল্প হাতে নিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে আরও এক টার্ম ক্ষমতায় থাকা প্রয়োজন।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের জনসংযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি বলেন, নির্বাচন এলেই বিএনপি নানা রকম টালবাহানা শুরু করে। ২০১৪ সালে তারা নির্বাচনে আসেনি, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু জনগণ যাতে ভোট দিতে না পারে, সে জন্য মানুষ হত্যা করেছিল তারা। ৫৮২টি স্কুল পুড়িয়েছিল। তাদের আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এরপর প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় সফর করে নৌকায় ভোট চান এবং আরেকবার বিজয়ী করার আহ্বান জানান। দলটির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায় প্রতিনিধি এবং কর্মী সম্মেলন করছেন। গতকালও নির্বাচনের প্রস্তুতির বিষয়টি এসেছে।
আওয়ামী লীগের সভাপতি বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও নির্যাতনের চিত্র সারা দেশে প্রচারের জন্য নেতা-কর্মীদের তাগিদ দেন। তিনি বলেন, ‘আমি বুঝি না আমাদের নেতা-কর্মীরা কীভাবে বিএনপি-জামায়াতের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে যায়। আমাদের নেতা-কর্মীরা হয়তো উদার, তারা মনে হয় সব ভুলে গেছে। আর বুদ্ধিজীবীরাও এগুলো ভুলে যান।’
বিএনপির আমলে সারা দেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের তালিকা তৈরির জন্য দলের সাংগঠনিক নেতাদের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, এগুলোর আর্কাইভ থাকা উচিত। সবার জানা দরকার। অতীত ভুলে যাওয়া উচিত না। অতীত ভুলে গেলে এগোনো যায় না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সততার অভাবে আদালতে হাজিরা দিতে যান না—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার নামে মামলা হয়েছে, আমি তো ভয়ে লুকাইনি।’
আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাসী মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোটের মালিক, জনগণ ভোট দেবে তার ইচ্ছা অনুযায়ী। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাসী।
প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন দলের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা
রুদ্ধদ্বার বৈঠকে বিচারক অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে একাধিক নেতা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার বিচার বিভাগের জন্য কী কী করেছে, এর একটা চিত্র তুলে ধরেন। এ সময় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সামরিক আইনের মাধ্যমে জিয়াউর রহমান কীভাবে চালু করেছিলেন, এর ইতিহাস তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন থাকবে—এটাই তাঁর সরকারের চাওয়া। তবে বিচার বিভাগকেও জনস্বার্থ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখা উচিত। তবে রায়ের মূল কপি এখনো পাওয়া যায়নি বলে এই নিয়ে বাইরে আলোচনা না করার পরামর্শ দেন তিনি। যা আলোচনা সংসদে করার কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও আইনজীবী নজিব উল্লাহ বক্তৃতা করেন।
বৈঠক সূত্র জানায়, এই নেতারা বলেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে মূল সংবিধানে ফিরে যাওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ফলে সামরিক আইনের ধারায় ফিরে যেতে হচ্ছে। এই নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।
আওয়ামী লীগের নেতারা আরও বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনাআপনি পুনর্গঠিত হয়ে যায়নি। জাতীয় সংসদে নতুন করে আইন পাস করলেই এটা সম্ভব হবে।
একজন নেতা বলেন, এখন বিচারপতির অপসারণসংক্রান্ত আইনের শূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় বিচারপতিদের নিয়োগকর্তা হিসেবে রাষ্ট্রপতি এই ক্ষমতার চর্চা করতে পারবেন।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ষোড়শ সংশোধনীর পক্ষে যেসব অ্যামিকাস কিউরি মত দিয়েছেন, তাঁদের নিয়েও সমালোচনা হয়। তাঁদের কেউ কেউ এই মামলায় হাইকোর্টে শুনানির সময় বিচারক অপসারণে সংসদের ক্ষমতা থাকার পক্ষে মত দিয়েছিলেন। তাঁরা পরে আপিল বিভাগে কীভাবে সংবিধানের বিপক্ষে মত দেন। এ সময় অন্য নেতারাও এসব বক্তব্যে সায় দেন। আজ রোববার সংসদের অধিবেশনের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা বিষয়টি তুলবেন বলে অনানুষ্ঠানিকভাবে সবাই একমত হন।
দলীয় সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর চট্টগ্রামে হামলার বিষয়টিও আলোচনায় আসে। দুজন নেতা তাঁদের বক্তব্যে এটাকে সাজানো নাটক বলে মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতা ও এই ঘরানার যাঁরা টেলিভিশন টকশোতে এতে আওয়ামী লীগের দোষ খোঁজার চেষ্টা করেছেন, তাঁদেরও সমালোচনা করা হয়।