সরকারের অগ্রাধিকারে নেই 'মানবাধিকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে৷ এর মূল কারণ আইনের শাসনের অভাব৷ এই অভাব মানবাধিকারকর্মীদের কাজেও প্রতিবন্ধকতা তৈরি করছে৷ মানবাধিকার রক্ষা বাংলাদেশ সরকারের কাছে অগ্রাধিকারের বিষয় নয়৷
সম্প্রতি জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস এসব মন্তব্য করেন৷ সম্প্রচারমাধ্যমটির ওয়েবসাইটে গত শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়৷
ওয়েবসাইটে বলা হয়, মানবাধিকার পরিস্থিতির ক্ষেত্রে অবনতিশীল দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশ গত কয়েক বছরে বিশ্বজুড়ে ব্যাপক নজর কেড়েছে৷ এ ব্যাপারে অনেক আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী তাদের উদ্বেগের কথা প্রকাশ এবং পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে৷
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন অনেক আগে থেকেই হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলোর বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলছে৷ এই সংগঠনগুলোকে তাদের কাজ চালাতেও বাধাদানের চেষ্টার কথা শোনা যায়৷
সাক্ষাৎকারে ব্র্যাড অ্যাডামস বলেন, মানবাধিকার সংগঠনগুলোর জন্য এমন নেতিবাচক পরিবেশ সত্ত্বেও তাঁর সংগঠন বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাবে। নিউইয়র্কভিত্তিক সংগঠনটির এই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার এলিট বাহিনী র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র৵াব) এবং পুলিশ আত্মরক্ষার নামে ব্যাপকভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে৷ প্রকৃতপক্ষে এসব বাহিনী নিরপরাধ লোকজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের নামে ঠান্ডা মাথায় খুন করে৷