মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লীগাঁও এলাকায় শ্রীনগর-সিরাজদিখান-মুন্সিগঞ্জ সড়কে কল্লীগাঁও সেতু নির্মাণে সরকারকে ৬৭ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় সেটিকে বাদ দিয়ে সম্প্রতি নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা জানান, কল্লীগাঁও সেতু নির্মাণের জন্য ২০১০ সালের ২৭ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা এন্টারপ্রাইজ এক কোটি ৫৯ লাখ টাকায় কাজটি পায়। ২০১০ সালের ২৬ মের মধ্যে সেতু নির্মাণ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সময়ের মধ্যে মাত্র ৩০ ভাগ কাজ শেষ করতে সক্ষম হয়।সওজের মুন্সিগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় রানা এন্টারপ্রাইজের কার্যাদেশ বাতিল করা হয়। একই সঙ্গে সময়সীমার মধ্যে কাজ শেষ ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ ভাগ (এক কোটি ৫৯ লাখ টাকার) অর্থ জরিমানা করা হয়। চলতি বছর সেতুটির বাকি কাজ শেষ করার জন্য আবার দরপত্র আহ্বান করা হয়। এক কোটি ৭৯ লাখ টাকায় কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স। সওজের সূত্র জানায়, সেতুর ৩০ ভাগ কাজ শেষ করার জন্য রানা এন্টারপ্রাইজ ৬২ লাখ ১৬ হাজার ৯৩২ টাকা বিল পাওনা হয়। এ বিল থেকে জরিমানার টাকা কেটে রাখার পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ৪৭ লাখ টাকা বিল দেওয়া হয়। অসমাপ্ত কাজ শেষ করার জন্য এম এম বিল্ডার্স এক কোটি ৭৯ লাখ টাকায় কাজটি পায়, যা প্রথম দফার চেয়ে ২০ লাখ টাকা বেশি। এ ২০ লাখ টাকার সঙ্গে প্রথম ঠিকাদারকে দেওয়া ৪৭ লাখ টাকা যোগ করলে দেখা যায়, সেতুটি নির্মাণ করতে সরকারের ৬৭ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। এই আর্থিক ক্ষতির জন্য রানা এন্টারপ্রাইজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন এলাকাবাসী।রানা এন্টারপ্রাইজের অংশীদার এবাদুল হক গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, কাজ শেষ করার জন্য তাঁরা চার মাস সময় পুরোপুরি পাননি। তিনি বলেন, তাঁরা সময় বাড়ানোর জন্য আবেদন করেছিলেন। কিন্তু বাড়ানো হয়নি। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, যান চলাচলের জন্য অসমাপ্ত সেতুর পাশে বিকল্প বেইলি সেতু নির্মাণ করা হয়েছে। বেইলি সেতুর সংযোগ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে সমস্যা হচ্ছে। সওজের মুন্সিগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, সওজের কোনো গাফিলতি নেই। আগের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, নতুন ঠিকাদারকে কেবল কার্যাদেশ দেওয়া বাকি।