সরকারের অনুরোধে সাড়া দেওয়ার আশ্বাস ফেসবুকের

নারীর প্রতি অবমাননা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সাইবার নিরাপত্তার প্রতি হুমকি রয়েছে এমন পোস্টের বিষয়ে সরকারের অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তারানা হালিম বলেন, সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ ওই বিষয়ে কী ব্যবস্থা নিল বা তাদের মতামত কী, তা জানাবে। এ জন্য বিটিআরসিসহ সরকারের বিভিন্ন সংস্থার মুখপাত্রের মাধ্যমে ফেসবুকের কাছে অভিযোগ জানাতে হবে। এরই মধ্যে বেশ কিছু অভিযোগের বিষয়ে সাড়া পাওয়া গেছে। বাংলাদেশের অভিযোগ বা অনুরোধ যাচাইয়ের ক্ষেত্রে দেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবেচনায় নেওয়ার জন্য তিনি ফেসবুককে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে ফেসবুকের সঙ্গে কোনো চুক্তি হয়েছে কি না— এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা কোনো চুক্তি নয়, আশ্বাস।
সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে তারানা হালিম ফেসবুক ছাড়াও মাইক্রোসফট ও গুগল এবং টেলিকম মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। দেশ দুটির টেলিযোগাযোগ মন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করেন। সংবাদ সম্মেলনে সফরের নানা দিক তুলে ধরেন তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকের অ্যাডমিন স্থাপনের বিষয়ে বাংলাদেশের আগ্রহের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অ্যাডমিনগুলো দৈনন্দিন কাজ ও প্রচার ছাড়া অন্য কিছু করে না। এ ক্ষেত্রে বাংলাদেশে অ্যাডমিন স্থাপন কার্যকর হবে না। এটা ছাড়াই বাংলাদেশ যাতে লাভবান হয়, সে বিষয়টি নিশ্চিত করবে ফেসবুক। তবে বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজন হলে অ্যাডমিন স্থাপনের বিষয়টিও বিবেচনা করবে।
গত ১৮ নভেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে ফেসবুকসহ ইন্টারনেট যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। এর ২২ দিন পর ফেসবুক চালু করা হয়।