সরকারের সব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।গতকাল শনিবার মহানগর নাট্যমঞ্চে দলীয় চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কারামুক্তির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির নেতারা এ আহ্বান জানান।সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশব্যাপী মানুষ অতিষ্ঠ। প্রশাসন সরকারের ওপর ক্ষুব্ধ। এখন বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। তা না হলে বিএনপিকে ব্যর্থতার পরিচয় দিতে হবে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার সব দিকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা সমালোচনা পর্যন্ত সহ্য করতে পারছে না।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সরকার ও সরকারদলীয় ব্যক্তিদের অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা সরকারের অনৈতিক চাপ মানবেন না। আপনাদের সমিতি আছে। আইনের আওতায় থেকে সরকারের অনৈতিক চাপের প্রতিবাদ করবেন।’বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য দেন।