সরকার রাগ-অনুরাগের বশবর্তী না হয়ে সংবিধান রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও হয়রানি করে শপথ ভঙ্গ করেছে। বর্তমান সরকারের সব অন্যায়, দুর্নীতি ও লুটপাটের বিচার হবে গণ-আদালতে।গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করা এবং তাঁকে হয়রানির প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ ও নাগরিক ফোরামের যৌথ আয়োজনে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। শপথ নিয়ে তা রক্ষা না করায় বর্তমান সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যায় দাবি করে নোমান বলেন, ‘সরকার ব্যর্থ ও জনবিচ্ছিন্ন হয়ে এখন মিথ্যা মামলা দিচ্ছে। সংবাদপত্র ও স্বাধীন চিন্তার মানুষের কণ্ঠরোধের চেষ্টা করছে। মাহমুদুর রহমান সত্য প্রকাশ করেছেন। তিনি দেশের বিরুদ্ধে কিছু করেননি। তার পরও সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে।’ সাবেক বিএমএর নেতা খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, মহিলা দলের নেত্রী নূরী আরা ছাফা, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, আইনজীবী এস ইউ নূরুল ইসলাম ও মফিজুল হক ভূঁইয়া।