বাংলাদেশে কার্যরত দাতাদেশ ও সংস্থাগুলোকে পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে সরকারের সর্বশেষ অবস্থান জানানো হবে। এ জন্য আগামী সোমবার স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) সঙ্গে বৈঠক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই সরকারের অবস্থান ব্যাখ্যা করতে পারেন বলে ইআরডি সূত্রে জানা গেছে। ইআরডির একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মূলত স্থানীয় দাতাদেশ ও সংস্থার প্রতিনিধিদের পদ্মা সেতু সম্পর্কে সরকারের সর্বশেষ অবস্থান জানানো হবে। এমন আলোচিত বিষয় স্থানীয় দাতা-প্রতিনিধিদের জানানো একধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে। এ ধরনের উদ্যোগে দাতাদের সঙ্গে অস্বস্তিকর সম্পর্ক কিছুটা সহজ হতে পারে। ইআরডি বৈঠকটি অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। পদ্মা সেতু সম্পর্কে সরকারের অবস্থানপত্র তৈরি করছে ইআরডি। অবস্থানপত্রে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ এবং প্রকল্পে সরকারের ভূমিকাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এলসিজি হলো বাংলাদেশে কার্যরত ৩৯টি দাতাদেশ, সংস্থা, জাতিসংঘের অঙ্গসংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ফোরাম।