সরকারের অবস্থান স্পষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ) যাওয়া আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট নয়। কোন মন্ত্রণালয়ে কতজন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কর্মরত আছেন বা কতজন অবসরে গেছেন, তার কোনো হিসাব মন্ত্রণালয়গুলোর কাছে নেই।তবে পত্রপত্রিকায় সমালোচনার পরিপ্রেক্ষিতে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ বিভাগের আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং আইন মন্ত্রণালয় সাব-রেজিস্ট্রারদের পেনশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব সাব-রেজিস্ট্রার এখনো কর্মরত, তাঁদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি চেয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিএসসির অনুমতি নিতে হয়। অনুমতি পেলে দুর্নীতিবাজদের বরখাস্ত করে দেব। আর অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রাররা যেহেতু চাকরিতে নেই, তাই তাঁদের পেনশন স্থগিত করেছি।’খোঁজ নিয়ে জানা যায়, অন্য কোনো মন্ত্রণালয়ের আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেই। মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে দুর্নীতিবাজদের তথ্য-উপাত্ত থাকলেও মন্ত্রণালয় তাঁদের সম্পর্কে জানতে চাইছে না।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানেন না, তাঁর মন্ত্রণালয়ে কোনো আত্মস্বীকৃত দুর্নীতিবাজ আছেন কি না। প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ে এমন কোনো তথ্য নেই। পরে মন্ত্রীর নির্দেশে এক কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডে খোঁজ নিয়ে জানতে পারেন, এ রকম দুজন সেখানে ছিলেন। কিন্তু তাঁরা অবসরে চলে গেছেন।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশন গঠন করা হয়। তখন ৪৫২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় ট্রুথ কমিশনে হাজির হয়ে নিজেদের দুর্নীতির কথা স্বীকার করে জরিমানা দিয়ে অনুকম্পা নেন। তাঁদের দেওয়া জরিমানা প্রায় ৩৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়। এর পরও দুই শতাধিক আত্মস্বীকৃত দুর্নীতিবাজ সওজ, বন বিভাগ, তিতাস, ডেসা, সাব-রেজিস্ট্রি অফিস ও বিআরটিএতে কাজ করছেন।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা নেই।বন বিভাগের ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ট্রুথ কমিশনে জরিমানা দিয়ে অনুকম্পা নিয়েছেন। যোগাযোগ করা হলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাঁর কাছে নির্দেশনা নেই। সে কারণে তিনি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কতজন ট্রুথ কমিশনে গিয়েছিলেন, সে তথ্য ওই মন্ত্রণালয়ে নেই। এ বিষয়ে গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ট্রুথ কমিশনে যাঁরা গিয়েছিলেন, তাঁদের কেউ এখনো চাকরিতে আছেন কি না, খুঁজে দেখা হচ্ছে। এ রকম কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সিলেট সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম ট্রুথ কমিশনে গিয়েছিলেন। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহীদ খান বলেন, ‘ওই প্রধান প্রকৌশলী কাজে যোগ দিতে এলেও আমরা তাঁর যোগদানপত্র গ্রহণ করিনি।’নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের নয়জন কর্মকর্তা ট্রুথ কমিশনে দুর্নীতির কথা স্বীকার করেছেন। এঁদের বেশির ভাগই কর্মরত বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের মধ্যে এখনো যাঁরা কর্মরত আছেন, তাঁদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।