সরকারের অবহেলায় যুদ্ধাপরাধীদের বিচারে দেরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘সরকারের অবহেলার কারণে যুদ্ধাপরাধীর বিচার-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এখন আমাদের আশঙ্কা, যুদ্ধাপরাধীর বিচার প্রহসনে রূপ নেয় কি না।’গতকাল শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রামাণ্য দলিল: মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে শাহরিয়ার কবির এ কথা বলেন। যৌথভাবে এ উৎসবের আয়োজন করে প্রজন্ম ’৭১ ও বলাকা প্রকাশন। বইটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন। বইটি নিয়ে আলোচনা করার সময় শাহরিয়ার কবির বলেন, সরকার যুদ্ধাপরাধীর মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এটা না করতে পারলে বিচার করা কঠিন হয়ে পড়বে। বই প্রসঙ্গে তিনি বলেন, বইটিতে ফজলুল কাদের চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর অপরাধের তথ্য আছে, যা তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে ভূমিকা রাখবে।বইটিতে লেখক চট্টগ্রাম জেলার ১৪টি থানার মুক্তিযুদ্ধ নিয়ে তিন ধরনের দলিল উপস্থাপন করেছেন। এর মধ্যে আছে: আমলে নেওয়া বিভিন্ন মামলা, বধ্যভূমি ও শহীদদের তালিকা এবং সম্মুখ ও গেরিলা যুদ্ধের বিবরণ।অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের ইতিহাস যথাযথ সংরক্ষণে গবেষণাধর্মী বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গাজী সালেহ উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু এর ইতিহাস নানাভাবে বিকৃত করা হয়েছে। বিকৃতি থেকে ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরতেই তিনি গবেষণাধর্মী বই লিখেছেন। ইতিহাসবিদ মুনতাসীর মামুন বাংলাদেশকে অস্বাভাবিক দেশ উল্লেখ করে বলেছেন, ‘এটিই একমাত্র দেশ, যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের ও বিপক্ষের দল আছে।’ তিনি বলেন, বইটি বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধাপরাধীর বিচারে ভূমিকা রাখবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, আজ রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারকাজ শুরু হবে। এক বছর ধরে এ মামলার বিষয়ে তদন্ত করা হয়েছে।বইটি লেখকের বাবা আলী করিম ও চাচা আলী হোসেনকে উৎসর্গ করা হয়েছে। তাঁদেরকে ১৯৭১ সালে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জবাই করে হত্যা করেছিল।