সরকারের অভিধানে 'ইমপসিবল' শব্দ নেই: নসরুল হামিদ

সরকারের অভিধানে ‘ইমপসিবল’ বলে কোনো শব্দ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, অতীতের সরকার দুর্নীতির কারণে ‘খাম্বা সরকার’ টাইটেল পায়, বর্তমান সরকার সে জায়গা থেকে বের হয়ে এসেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ১৪৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। ২০১৮ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রীর বক্তব্যের আগে ছাঁটাই প্রস্তাবে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বলেন, ‘আমরা সেই স্মৃতি ভুলতে পারি না, এরশাদের আমলে কারেন্টের যাওয়া-আসা ছিল না। অতীতে ফিরে যেতে চাই যখন লোডশেডিং ছিল না।’
ফখরুল ইমামের বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা কোথায় আছি? অতীতে কীভাবে ভালো ছিলাম, তা জানি না। আমরা বেদনার জায়গায় যেতে চাই না। ১২ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ ছিল না, সে জায়গায় যেতে চাই না।’
প্রতিমন্ত্রী বর্তমান সরকারের আমলে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
ছাঁটাই প্রস্তাবে জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম মিলন বলেন, লোকসান, ভর্তুকির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের দাম বাড়লে জনগণকে চাপ নিতে হয়, কিন্তু দাম কমলে স্বস্তি পাচ্ছে না জনগণ বলেও তিনি উল্লেখ করেন।