সরকারের অসহযোগিতার কারণে চট্টগ্রামে সমাবেশ পেছাতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, সরকারের অসহযোগিতার কারণে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে ২৯ মার্চ লালদীঘি ময়দানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। লালদীঘি মাঠে বিপুলসংখ্যক মানুষের ধারণক্ষমতা নেই বলে কিছুটা সমস্যা হতে পারে।গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইতিহাস বিকৃতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাতের চেষ্টার প্রতিবাদে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহাসমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশে বেগম জিয়া সরকারের কাছে কিছু দাবি তুলে ধরবেন।সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির উত্তর, দক্ষিণ জেলা ও নগরের তিন সাধারণ সম্পাদক যথাক্রমে আসলাম চৌধুরী, মহিউদ্দিন ও শাহাদাত্ হোসেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, শহীদ জিয়া ২৭ মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই এ দিনটিতে চেয়ারপারসন বেগম জিয়া চট্টগ্রামে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেন। সরকারের অসহযোগিতার কারণে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রামেও বিরাজ করছে অস্থিরতা। চট্টগ্রামের মধ্য দিয়ে এশিয়ান হাইওয়ে হওয়ার কথা। সেটা না করার ষড়যন্ত্র চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। সরকারি দলের লোকজনের টেন্ডার ও চাঁদাবাজি চলছে। আর প্রতিনিয়ত চলছে মানবাধিকার লঙ্ঘন। সাংবাদিকেরাও বাদ যাচ্ছেন না নির্যাতন থেকে। দেশে-বিদেশে সাংবাদিকেরা হামলার শিকার হচ্ছেন।আমীর খসরু আরও বলেন, ‘সংসদে আমাদের বিরুদ্ধে বিষোদগার চলছে। বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে বিশ্বাসী নয় বলে সব সময় সহনশীলতার পরিচয় দিচ্ছে। আর মরহুম জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা গণতন্ত্রের স্বার্থে কোনো ধরনের বিবাদে জড়াতে চাই না। সরকারেরও উচিত আমাদের কর্মকাণ্ডে বাধা না দেওয়া।’চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ২৭ মার্চ পর্যন্ত ব্যবহারের অনুমতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মাঠটি ব্যবহারের অনুমতি নেওয়া হয় আগেই। আর এ মাঠ ব্যবহারের অনুমতি দেয় চট্টগ্রাম সেনানিবাসের নিয়ন্ত্রণাধীন ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষ।