সরকারের আচরণ সব স্বৈরশাসককে হার মানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকারের আচরণ সব স্বৈরশাসককে হার মানিয়েছে। পবিত্র ওমরাহ পালন করতে গতকাল সোমবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে বিদায় জানাতে দলের মহাসচিব, স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতারা বিমানবন্দরে ঢুকতে চাইলে তাঁরা নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন। এ সময় তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগিবতণ্ডা হয়। বিমানবন্দরে পৌঁছে খালেদা জিয়া এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, সরকার দেশের জনগণের জন্য কিছুই করতে পারছে না, কেবল বিরোধী দলকে পদে পদে বাধা দিচ্ছে। ভালো কাজে যাওয়ার সময় দলের নেতা-কর্মীদের সঙ্গে এমন আচরণ সরকারের অগণতান্ত্রিক মনোভাবের প্রকাশ বলে উল্লেখ করেন তিনি। এরপর তিনি বিকেল চারটায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যান। খালেদা জিয়া সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রতিবছরের মতো এবারও ওমরাহ পালন করবেন। তাঁর সঙ্গে প্রতিনিধিদলও যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।