সরকার মুখে সংলাপের কথা বললেও তাদের ‘অন্তর্গত স্বচ্ছতা’ নিয়ে সন্দিহান প্রধান বিরোধী দল বিএনপি।
গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি মনে করে, সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। কিন্তু নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসতে হবে। অন্যথায় সরকারের আলোচনার আহ্বান বিশ্বাসযোগ্য হবে না।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম ১১ ঘণ্টার মাথায় গতকাল সংবাদ সম্মেলনে হরতাল পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, সংলাপের কথা বললেও সরকার বিরোধী দলকে দমনে এখনো আগের মতই দুুর্বিনীত ও অপরিণামদর্শী আচরণ করছে। হরতালের প্রথম ১১ ঘণ্টায় সারা দেশে তাঁদের তিনজন নেতা-কর্মী নিহত এবং দেড় হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।
হরতালের আগের দিন বিভিন্ন সরকারি স্থাপনা, বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি ও গণমাধ্যম কার্যালয়ে ককটেল হামলার জন্য ‘সরকারি এজেন্টদের’ দায়ী করেন মির্জা ফখরুল। তাঁর দাবি, ১৮ দলের গণতান্ত্রিক আন্দোলন ধংস করতে সরকারি এজেন্টরা এসব কাজ করছে। এ কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ: গতকাল সকালে দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। অনেক দেরিতে হলেও টেলিফোন করার ফলে মনে করি, আলোচনা শুরু হতে পারে। আমাদের কর্মসূচি শেষ করে অর্থাৎ ২৯ তারিখের পর যেকোনো সময় এই সংলাপ হতে পারে। আমরা অত্যন্ত আশাবাদী এ সংলাপটি হয়তো হবে।’ তিনি বলেন, সংলাপর উদ্যোগ সরকারকে নিতে হবে। বিএনপির দাবি স্পষ্ট। নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আলোচনা হতে হবে।
হরতাল প্রত্যাহার করা হবে কি না—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যে সময়ে ফোন করা হয়েছে, সে সময়টা ছিল অত্যন্ত স্বল্প। আমাদের পক্ষে সম্ভব ছিল না যাঁরা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার। এটাকে অজুহাত হিসেবে দেখানোটা সঠিক হবে বলে আমি মনে করি না।’