সরকারের আমদানি করা ২২ হাজার টন গমে পোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের আমদানি করা প্রায় সাড়ে ২২ হাজার টন গমে পোকামাকড় শনাক্ত করা হয়েছে। চুক্তি অনুযায়ী পাওয়া যায়নি সঠিক মাত্রায় আর্দ্রতা ও আপেক্ষিক ওজন। পোকামাকড়মুক্ত করার আগে গমের ওই চালানের খালাস স্থগিত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র। বর্তমানে ওই চালান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রয়েছে।জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র সম্প্রতি এই গমের নমুনা পরীক্ষা করে তাতে পোকামাকড় শনাক্ত করে। এ গম মানুষের খাওয়ার উপযোগী কি না তা শনাক্ত করতে খাদ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এ গম খাওয়ার উপযোগী না হলে সরকার গ্রহণ করবে না। তবে গমের মানে হেরফের হলে চুক্তি অনুযায়ী টাকা কেটে গম গ্রহণ করা হবে।গমের নমুনা দেখে একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কাগজপত্রে এ গমের উৎপাদন ২০১০ সাল দেখানো হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে, এই গম অনেক আগেই উৎপাদন করা হয়েছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, আঞ্চলিক খাদ্য পরীক্ষাগার এ গমের কায়িক পরীক্ষা (ফিজিক্যাল টেস্ট) করে চুক্তি অনুযায়ী গমের আর্দ্রতা এবং আপেক্ষিক ওজন সঠিক মাত্রায় পায়নি। পরীক্ষাগারের সহকারী রসায়নবিদ মো. রফিকুল ইসলামের এক প্রতিবেদনে দেখা যায়, গমের আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ সাড়ে ১৩ শতাংশ। অথচ এখানে পাওয়া গেছে ১৩ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া আপেক্ষিক ওজন নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় সাড়ে চার শতাংশ কম পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর ভারতের প্রতিষ্ঠান এলএমজে ইন্টারন্যাশনালের সঙ্গে খাদ্য বিভাগের গম সরবরাহের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বুলগেরিয়া থেকে এমভি বিকেএইচ জাহাজে করে ২২ হাজার ৪২৮ টন গম আমদানি করে এলএমজে। গত ৯ অক্টোবর এমভি বিকেএইচ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। নিয়মানুযায়ী উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র থেকে একটি পরিদর্শন দল জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে। তাদের পরীক্ষায় গমের চালানে পোকামাকড়ের উপস্থিতি ধরা পড়ে। পরে বিষয়টি খাদ্য বিভাগ ও জাহাজের স্থানীয় প্রতিনিধিকে লিখিতভাবে জানায় সংঘনিরোধ কেন্দ্র।উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের সংঘনিরোধ কীটতত্ত্ববিদ মো. বেলাল হোসেন খান বলেন, এ গম বিষ-বাষ্পীকরণ (ফিউমিগেশন) করে পোকামাকড় ধ্বংসের পর খালাসের ছাড়পত্র দেওয়া হবে। এই পোকামাকড় ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ৩০ গুণ হারে বাড়তে থাকে। এ কারণে বিষ-বাষ্পীকরণে দেরি হলে পণ্যের মান কমে যায়।বন্দর সূত্র জানায়, গমবোঝাই জাহাজটি গত ৯ অক্টোবর বন্দরে পৌঁছায়। এই হিসাবে গতকাল পর্যন্ত প্রায় ৪০ দিন সময় পেরিয়ে গেছে। এ কারণে জাহাজে এখন পোকামাকড়ের বংশবিস্তার ঘটেছে।গম সরবরাহকারী ভারতের প্রতিষ্ঠান এলএমজে ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে স্থানীয় প্রতিনিধি হিসেবে সি কম শিপিং লাইন্স লিমিটেড গমবোঝাই জাহাজ দেখাশোনা করছে। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পোকামাকড় থাকলেও এ গম মানুষের খাওয়ার উপযোগী বলে তেজস্ক্রিয়তা পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এর পরও মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করতে একটি কমিটি করেছে।