সরকারের আমন্ত্রণে বিদেশ সফরে যাচ্ছেন বাঘার সেই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের আমন্ত্রণে বিদেশ সফরে যাচ্ছেন রাজশাহীর বাঘা উপজেলায় রাতের বেলা শিক্ষার্থীদের আরেক দফা পাঠ দেওয়া সেই শিক্ষক এমদাদুল হক। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর অধীনে সাত দিনের জন্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন তিনি। ২ জানুয়ারি এমদাদুল হক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি পান।এমদাদুল হক বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নতি এবং মেধাবীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে বিনা পারিশ্রমিকে রাতের বেলায় বিদ্যালয়ে আরেক দফা পাঠদান করে আসছিলেন। প্রাথমিক শিক্ষায় তাঁর এই অবদানের বিষয়টি নিয়ে গত ১৭ অক্টোবর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘রাতের বেলায় আরেক দফা পাঠদান’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদনটি এমদাদুল হকের অবদানের মূল্যায়নে সরকারকে সহায়তা করেছে। সরকারের আমন্ত্রণে তাঁর সহকর্মী এমদাদুল বিদেশ যাবেন বলে তিনি খুব খুশি। ভালো কাজ করলে যে একসময় এর মূল্যায়ন হয়, এটাই উজ্জ্বল উদাহরণ।’প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (প্রশাসন) মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে জানানো হয়, ‘স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন’ কর্মসূচিতে ১৭ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এমদাদুল হকসহ নয়জনের একটি দল জাকার্তা সফর করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবসহ এই দলে প্রাথমিক বিদ্যালয়ের চারজন প্রধান শিক্ষক, তিনজন সহকারী শিক্ষক ও একজন জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হচ্ছে। দলটি ১৬ জানুয়ারি জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এ ব্যাপারে এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘নীরবে-নিভৃতে তিনি কাজ করে যাচ্ছিলেন। কোনো প্রতিদানের আশায় তিনি এ কাজ করেননি। তবে সরকার তাঁর কাজের যে মূল্যায়ন করেছে, এতে তিনি খুব খুশি হয়েছেন।’