সরকারের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন সাংস্কৃতিক জোটের কর্মীরা। প্রধানমন্ত্রীর পর গতকাল শনিবার সাংসদ সারাহ্ বেগম কবরীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা এ কর্মসূচি প্রত্যাহার করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের কর্মীরা। গত পাঁচ দিনে অনশনে অংশ নেন সংগঠনের আট কর্মী। এর মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেল চারটার দিকে ক্যাম্পাসে আসেন সাংসদ কবরী। এ সময় হাসপাতাল থেকে অসুস্থ অনশনকারীদের উপাচার্যের বাসভবনের মূল ফটকের পাশে অনশন মঞ্চে আনা হয়। কবরী অনশনকারীদের সরকারের ওপর আস্থা রাখার অনুরোধ জানান। পরে তিনি অনশনকারীদের ফলের রস পান করিয়ে অনশন কর্মসূচি প্রত্যাহার করান।এর আগে গত ৯ জানুয়ারি জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা ২৫ এপ্রিল উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের মূল ফটকে অবরোধ কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। আন্দোলনকারী শিক্ষকেরা প্রধানমন্ত্রীকে তাঁদের দাবি এবং উপাচার্যের বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী তাঁদের তাঁর ওপর আস্থা রেখে কর্মসূচি প্রত্যাহার করতে বলেন। শিক্ষকেরা ওই দিন সন্ধ্যায় তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন।তবে সাংস্কৃতিক জোটের কর্মীরা প্রধানমন্ত্রীর আশ্বাসের প্রতি আস্থা রাখলেও উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্য সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত রাখেন।অনশনকারী শিক্ষার্থী আতিয়া ফেরদৌস বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়ে সরকারের ইতিবাচক আশ্বাসের পরিপ্রেক্ষিতেই অনশন ভেঙেছি।’কবরী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষকদের আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসে আমিও আশ্বস্ত হয়েছি। এরই পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগেই অনশনকারীদের অনশন ভাঙাতে এসেছি।’সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাকিলা শারমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের ওপর আস্থা রাখার পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সারাহ্ বেগম কবরী পুনরায় আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করি।’প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ ১১ দফা দাবিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীদের আন্দোলনে গত শনিবার ছাত্রলীগের কর্মীরা হামলা করেন। এ সময় সাংস্কৃতিক জোটের ছয় নেতা-কর্মীকে মারধর করা হয়। এ ঘটনার পর মঙ্গলবার থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন সাংস্কৃতিক কর্মীরা।