সরকারের ইচ্ছায় জাপা মহাসচিব বদল!
সরকারের ইচ্ছায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরানো হয়েছে বলে মনে করছে দলের একাংশ। ওই অংশের মতে, এর মধ্য দিয়ে জাপায় রওশন এরশাদের ‘নিয়ন্ত্রণ’ আরও দৃঢ় হয়েছে।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের কারও সঙ্গে কোনো আলোচনা না করে তাঁর দীর্ঘদিনের অনুগত রুহুল আমিন হাওলাদারকে গত বৃহস্পতিবার রাতে সরিয়ে দেন এবং তাঁর রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহম্মেদকে মহাসচিব নিয়োগ দেন। এর আগের দিন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে রুহুল আমিন হাওলাদারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায়। এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে বলে মনে করেন হাওলাদার এবং তাঁর সমর্থকেরা।
অবশ্য এরশাদ গত শুক্রবার সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো চাপে মহাসচিব পরিবর্তন করেননি। তাঁর সঙ্গে স্ত্রী রওশনের বিভেদ রয়েছে বলে জনমনে যে ধারণা রয়েছে, তা ভুল প্রমাণ করার জন্য তিনি এটা করেছেন। তিনি এ-ও বলেন, ‘দুদক মামলা দিয়েছে, উনি (হাওলাদার) মামলা নিয়ে ব্যস্ত থাকবেন। দলকে সময় দিতে পারবেন না।’
নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদও প্রথম আলোকে বলেন, মহাসচিব পদে রদবদলের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। কারও চাপে বা প্রভাবে দলের চেয়ারম্যান মহাসচিব পরিবর্তন করেননি। তিনি বলেন, তিনি মহাসচিব হওয়ায় দলের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন। এর মধ্য দিয়ে দলে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু ছিল, সব শেষ হয়ে গেছে।
অবশ্য ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে জাপায় ক্রমে কোণঠাসা হয়ে পড়েন এরশাদ। দলের ‘কর্তৃত্ব’ অনেকটাই চলে গেছে স্ত্রী রওশনের হাতে। রওশনপন্থী নেতা হিসেবে পরিচিত নতুন মহাসচিব জিয়াউদ্দিন একই সঙ্গে বর্তমান সরকারেরও ঘনিষ্ঠ। ৫ জানুয়ারির নির্বাচনের আগে এরশাদের নানামুখী অবস্থানের মধ্যেও আওয়ামী লীগের সঙ্গে জোট ধরে রাখায় এবং রওশনের নেতৃত্বে জাপাকে নির্বাচনে রাখার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টাও হয়েছিলেন তিনি।
জাপার সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য জানান, মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্তে ফেঁসে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে এরশাদকে মহাসচিব পদে পরিবর্তন আনতে চাপে ফেলা হয়। রুহুল আমিন হাওলাদার ৫ জানুয়ারির নির্বাচনে দ্বিমুখী ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত এরশাদের সঙ্গেই ছিলেন। এতে তাঁর ওপর দলের রওশন এরশাদপন্থী অংশটি এবং সরকারের উচ্চ মহল ক্ষুব্ধ ছিল।
এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এরশাদ ব্যক্তিগতভাবে মঞ্জুর হত্যা মামলা নিয়ে শঙ্কায় আছেন। এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য হওয়ার পর সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি আদালত অধিকতর তদন্তের আদেশ দেন। এরপর এরশাদ মানসিক চাপে পড়েন এবং সরকার ও রওশনকে খুশি রাখতে সক্রিয় হয়ে ওঠেন।