সরকারের উচিত সংবিধান সংশোধনের ব্যবস্থা করা : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের এখন উচিত হবে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সংবিধান সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা। সরকার সুনির্দিষ্ট এজেন্ডা স্থির করলে, আমরা সাগ্রহে আলোচনায় অংশগ্রহণ করব। আর যদি অনমনীয় থাকে, তাহলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।’
আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবি জসীমউদদীন উচ্চবিদ্যালয় মাঠে চরফকিরা ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে মওদুদ আহমদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, চারটি সিটি করপোরেশনের নির্বাচনে সরকার-সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন। যদি সরকারের বা নির্বাচন কমিশনের কোনো সমর্থন না থাকত, তাহলে সরকার-সমর্থিত সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতো।
মওদুদ আহমদ আরও বলেন, কলকাতার ‘আনন্দবাজার’ পত্রিকা প্রকাশ করেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তলদেশে পৌঁছে গেছে। চার সিটি নির্বাচনের ফলাফল জাতীয় ইস্যুর ওপরই নির্ধারিত হয়েছে। সুতরাং, দেশ পরিচালনা করার নৈতিক ক্ষমতা বর্তমান সরকার হারিয়ে ফেলেছে। চার সিটি নির্বাচনের ফলাফলের মাধ্যমে দেশের মানুষ আগামী নির্বাচনে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেখতে চায়।
চরফকিরা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মারজাহান বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, বিএনপির নেতা নুরুল আলম, কামালউদ্দিন চৌধুরী, মাহমুদুর রহমান, হুমায়ুন কবির, আবদুল খালেক, আবু হাসান ওরফে নোমান, ফজলুল কবির প্রমুখ।