সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ বিলবোর্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনাসংবলিত বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী ঢাকা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, স্থাপনার পাশে, উড়ালসেতু বা ফুটওভারব্রিজের আশপাশে এবং সরকারদলীয় অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন কার্যালয়ের সামনেও শোভা পাচ্ছে রঙিন ও বিশালাকৃতির এসব বিলবোর্ড। হঠাৎ করে সরকারের উন্নয়নের এমন প্রচারে ঢাকার চেহারা কিছুটা বদলেও গেছে।

রাজধানীতে বিলবোর্ড স্থাপনে ঢাকা সিটি করপোরেশনের নীতিমালা অনুসরণের নিয়ম রয়েছে। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশন এ বিষয়ে নীরবতা পালন করছে। করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে কোনো রকম বক্তব্য দিতে বা মন্তব্য করতে প্রথম আলোর কাছে অপারগতা প্রকাশ করেছেন। দক্ষিণ সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, সরকারি সিদ্ধান্তে এবং উদ্যোগে এসব বিলবোর্ড টানানো হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, অনেকের মতো তিনিও দেখেছেন এসব বিলবোর্ড। নিচে যেহেতু কারও পরিচয় দেওয়া হয়নি, তাই তিনি এ বিষয়ে অবহিত নন। দলীয় অঙ্গসংগঠনের কার্যালয়ের সামনে বিলবোর্ড স্থাপন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিগত কেন্দ্রীয় কমিটির বৈঠকে আমরা সরকারের সাফল্যের বিষয়গুলো বিভিন্ন অঙ্গসংগঠনকে তুলে ধরার পরামর্শ দিয়েছিলাম।’ 

রূপসী বাংলা হোটেলের বিপরীত দিকে বিশাল একটি বিলবোর্ড শোভা পাচ্ছে, যেখানে লেখা আছে সরকারের দেওয়া ‘সামাজিক নিরাপত্তা’র কথা। ‘দুই কোটি ৪৭ লাখ ৫০০ জনকে বয়স্ক ভাতা, নয় লাখ দুই হাজার ৩০ জনকে বিধবা ভাতা এবং দুই লাখ ৮১ হাজার প্রতিবন্ধীকে ভাতা ও মুক্তিযোদ্ধাদের ভাতা’ দিয়ে সরকার সামাজিক উন্নয়ন করেছে।