সরকারের উন্নয়নের কারণেই তিন সিটিতে আ.লীগের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্রমবর্ধমান উন্নয়নের কারণে তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সব খাতে উন্নয়ন হচ্ছে। একসময় দেশে পানি, বিদ্যুৎ, গ্যাসের কারণে নাগরিকদের দুর্ভোগের শিকার হতে হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, নির্বাচন সুষ্ঠু হয়নি। তাদের উদ্দেশে বলব, এ নির্বাচন ছিল সুষ্ঠু। কোথাও কোনো জ্বালাও-পোড়াও হয়নি। বিএনপি যদি নির্বাচনে এজেন্ট দিতে না পারে, তাহলে আমাদের কী করার আছে? তাদের ব্যর্থতার কারণে চট্টগ্রামের মোহাম্মদ মনজুর আলম রাজনীতি থেকে বিদায় নিয়েছেন।’
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণে ভারতের রাজ্যসভা ও লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হয়েছে। অতীতের কোনো সরকার যা পারেনি, তিনি সফলভাবে তা করছেন। তিনি একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন পূরণ করছেন।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন হারুন-অর রশিদ, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবর রহমান হিরন প্রমুখ।
পাকিস্তানি শিক্ষায় এগোচ্ছে বিএনপি: মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী যে শিক্ষা দিয়ে গেছে, বিএনপি সেই শিক্ষায় এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।