প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি 'পূর্ণ আস্থা' রয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করেছেন সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আস্থা প্রকাশ করেন।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিজ থেকেই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে তহবিল আরও বৃদ্ধির ব্যাপারে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছেন।
বৈঠকে জিম ইয়ং কিম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমনের বিষয়ে বিশ্বব্যাংক পুরোপুরিই অঙ্গীকারবদ্ধ। তাঁর বিশ্বাস, বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর মূল লক্ষ্য জনগণের জন্য খাদ্য, আশ্রয়সহ মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করা। তিনি বলেন, ‘দেশের দ্রুত উন্নয়নের লক্ষ্যে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন বাস্তবভিত্তিক পদক্ষেপের কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।’
নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার কাঠামোর ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে প্রায় ৪৫ হাজার নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশের সর্বক্ষেত্রে নারীরা সাফল্য লাভ করছেন এবং বর্তমানে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে পুরুষ অংশীদারদের পাশাপাশি সমান অবস্থানে রয়েছেন নারীরা। তাঁরা বর্তমানে প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, ক্রীড়া, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব ক্ষেত্রে উচ্চপদে রয়েছেন।