জিয়ার মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়ার শ্রদ্ধা
সরকারের একগুঁয়েমিতে আলোচনা হচ্ছে না: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, শুধু সরকারের একগুঁয়েমির কারণে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনা হচ্ছে না। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। গতকাল ছিল জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দিনটিকে জিয়ার শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করেছে। এ উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আর যদি না হয়, চলমান আন্দোলন কঠোরতর হবে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, বিএনপি আসন্ন সংসদ অধিবেশনে যোগ দেবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো বিল আনবে না। তত্ত্বাবধায়ক সরকারের আগের কাঠামো রেখে প্রধান উপদেষ্টা কে হবেন, এ ব্যাপারে শুধু আলোচনা হতে পারে।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা আছে।
জিয়ার কবরে হাজারো মানুষের ভিড়: গতকাল সকাল থেকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া ফুল দিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বস্তরের নেতা-কর্মী ও মানুষ সেখানে ভিড় করেন। দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন ও ১৮-দলীয় জোটের কয়েকটি শরিক দল কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
দুস্থদের মধ্যে খালেদার খাবার বিতরণ: মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর কয়েকটি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন খালেদা জিয়া। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রক্তদান কর্মসূচি পালন করে।
বেলা সাড়ে ১২টার দিকে খামার বাড়ি এলাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন। এরপর তিনি মোহাম্মদপুর, টিঅ্যান্ডটি মাঠ, জিগাতলা, শেরেবাংলা নগর, পুরান ঢাকা, কাঠাল বাগান এলাকায় খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন।