সরকারের একগুঁয়েমির পরিণতি ভালো হবে না: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ দেশে নির্বাচন হতে হলে নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। সরকার একগুঁয়েমি করলে পরিণতি ভালো হবে না। সংঘাত হলে দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে।’
আজ সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না, তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দেশ অন্ধকারে নিপতিত হোক, তা বিএনপি চায় না। কিন্তু সরকার জনমত ও বিশ্বমত উপেক্ষা করলে কঠোর আন্দোলন ছাড়া বিএনপির কোনো উপায় থাকবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এক-এগারোর সময়ে তারেক রহমানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে নির্যাতন করা হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ সেই ‘ফখরুদ্দিন-মইনুদ্দিন’ সরকারের সদস্যদের নিরাপদে দেশ থেকে পালানোর সুযোগ করে দিয়ে অন্যায় করেছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এক-এগারোর সময়ে তারেক রহমান ও অন্যান্য রাজনীতিবিদের ওপর যে নির্যাতন করা হয়েছিল, তা আগামীতে তদন্ত করে বিচার করা হবে।

আলোচনা সভায় ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, এনাম আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।