সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে দুদক: বিএনপি
‘দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, পদ্মা সেতু, হল-মার্ক ও শেয়ারবাজারের দুর্নীতির কারণে সরকারের দুর্নাম আজ বিশ্বব্যাপী পরিচিত। নিজেদের দুর্নীতির চেহারা আড়াল করার জন্য আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার।গতকাল শনিবার সকালে দুটি আলোচনা সভা ও বিকেলে পৃথক সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর বিরুদ্ধে দুদকের অর্থ পাচারের মামলা দুরভিসন্ধিমূলক বলে দাবি করেন মওদুদ আহমদ। একই সময় নয়াপল্টনে একটি হোটেলে বিএনপির জেলা পর্যায়ের নেতাদের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দুদক আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে। যখন সারা দেশে সরকারের দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে, তখন দুদক সরকারের দুর্নীতির কোনো খোঁজ পাচ্ছে না। দুর্নীতির কেলেঙ্কারির সঙ্গে জড়িত সুরঞ্জিত সেনগুপ্ত ও সৈয়দ আবুল হোসেনের মতো মন্ত্রীদের ভালো মানুষের সনদপত্র দেয় দুদক।কোকোর পাচার করা অর্থ ফেরত আনার ঘটনাকে ‘ভুয়া’ দাবি করে ফখরুল বলেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সরকার বিরোধী দলের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, পাবনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ময়মনসিংহ উত্তর জেলাসহ ২১ জেলার ৭৯ জন প্রতিনিধি ও মহিলা দলের ২৫ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় বিএনপির রাজনীতি, জিয়াউর রহমানের জীবনালেখ্য, যুদ্ধপরবর্তী সরকারের কার্যক্রম, পঁচাত্তর-পূর্ব রাষ্ট্রের মূলনীতি ও সরকার, বাকশাল, ঐতিহাসিক ৭ নভেম্বর, গণতন্ত্রের উত্তরণ প্রভৃতি বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।জঙ্গি উত্থান ১৯৯৬-২০০১ সালে: শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয় বিগত আওয়ামী লীগের শাসনামল ’৯৬ থেকে ২০০১ সালে। তিনি বলেন, ঢাকার রমনার বটমূল, পল্টন ময়দান ও যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, সবই হয় ওই আমলে। কিন্তু কোনো বোমা হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিএনপি ক্ষমতায় গিয়ে জঙ্গি উৎখাতে সক্ষম হয়েছে বলে দাবি করেন মওদুদ। সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ছাত্রলীগ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও করার যে হুমকি দিয়েছে, তার সমালোচনা করেন। তিনি বলেন, ‘এখন থেকে ছাত্রলীগ যে ভাষায় কথা বলবে, ছাত্রদলও সে ভাষায় কথা বলবে। যদি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিকে বাঁকা চোখে তাকানোর চেষ্টা করা হয়, ছাত্রদল সে চোখ উপড়ে ফেলবে।’সমাবেশ শেষে একটি মিছিল বিজয়নগর, পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।