সরকারের এজেন্ট হিসেবে কাজ করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের সরকারের এজেন্ট হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাঠকর্মীরা সরকারের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারলে এ সরকার আবার ক্ষমতায় আসবে।গতকাল বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সমাবেশের আয়োজন করে মাঠ কর্মচারী সমিতি। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সাফল্যের পেছনে মূল অবদান মাঠকর্মীদের। তাঁরা আরও বেশি কাজ করলে সরকার তাঁদের দাবি মেনে নেবে। অনুষ্ঠানের শুরুতে মাঠ কর্মচারী সমিতির সহসভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, এই কর্মীরা দেশের মানুষকে পরিকল্পিত জীবনের কথা বললেও তাঁরা নিজেরা তা যাপন করতে পারেন না। তাঁদের পদোন্নতি, বেতন স্কেল, অবসর ভাতা ও নানা ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যা সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করতে হলে এসব সমস্যার সমাধান করতে হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, অতীতে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মীদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা লক্ষ করা গেছে। তিনি বলেন, জনসংখ্যা সমস্যা মোকাবিলায় এই কর্মী বাহিনীকে একসঙ্গে সব শক্তি নিয়োগ করে কাজ করতে হবে। আলোচনায় অংশ নিয়ে সমিতির একাধিক নেতা ও কর্মকর্তা বলেন, মাঠকর্মীরা হতাশ। অনেকে ২৫-৩০ বছর একই পদে আছেন। অন্যদিকে অনেকের কাজের পরিধি বাড়লেও বেতন স্কেলের পরিবর্তন হয়নি। কেউ কেউ পরিবার পরিকল্পনা বিভাগ বা পৃথক মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন বলেন, বেতন স্কেল, পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে অধিদপ্তর সব সময় সঠিক পদক্ষেপ নেয়নি। বিরাজমান সমস্যা তিন মাসের মধ্যে সমাধান করা হবে। এ ছাড়া একই সময়ের মধ্যে সাড়ে আট হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে।