সরকারের কর্তৃত্ব বাড়াতেই ডিসিসি দুই ভাগ
ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগে ভাগ করার একমাত্র লক্ষ্য কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব বাড়ানো, নাগরিক সুবিধা বৃদ্ধি নয়। আজ শনিবার ‘আগামী প্রজন্মের ঢাকা: আমাদের করণীয়’ শীর্ষক গবেষণাভিত্তিক সম্মেলনে সুশাসনবিষয়ক একটি প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়।
রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন। সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনাবিদ গোলাম মরতুজা।
প্রতিবেদনে জানানো হয়, নাগরিকসেবা প্রদানে সুশাসনের বাস্তব চিত্র অসন্তোষজনক ও অকার্যকর। এর কারণ নগর পরিকল্পনায় সুশাসনের অভাব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অগ্রাধিকার না দেওয়া।
প্রতিবদেনের তথ্য অনুযায়ী, অতীতে ও বর্তমানে ঢাকার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ও হচ্ছে। এসব ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রিয়েল এস্টেট কোম্পানি, রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী।
প্রতিবেদনে সেবা প্রদানকারী সংস্থার আর্থিক সংকট, মেয়র কাউন্সিলরদের সেবা প্রদানের মনোভাবের অভাব, ঠিকাদারদের দুর্নীতি, প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব, কর্মকর্তাদের অনভিজ্ঞতা ও দক্ষতার অভাব, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয়ের অভাবসহ সর্বোপরি সেবা প্রদানকারী সব সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবকে সুশাসন বাস্তবায়নে প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে পুলিশসহ সব সেবা প্রদানকারী সংস্থাকে সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসা, মেয়রকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া, রাজউককে সিটি করপোরেশনের আওতায় আনা এবং নিয়মিত ও সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান করাসহ কয়েকটি করণীয় প্রস্তাব করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি গোলাম রহমান। উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর, পরিকল্পনাবিদ জাহিদ হোসেন খান ও পরিকল্পনাবিদ গোলাম মঈনুদ্দিন।