সরকারের কর্মকাণ্ড দিনে দিনে প্রশ্নবিদ্ধ হচ্ছে। পৌরসভা নির্বাচনে এর প্রভাব পড়েছে। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার শিগগির শুরু হচ্ছে। বিচার যাতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, সেদিকে লক্ষ রেখে এগিয়ে যাচ্ছে সরকার। যাদের আটক করা হয়েছে, তাদের সম্পর্কে অভিযোগপত্র দাখিল হলেই বিচারকাজ শুরু করা যাবে।আইনমন্ত্রী বলেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এখানে হতাশ হওয়ার কিছু নেই। এক বছর হলো এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। হত্যাযজ্ঞের সাক্ষ্য সংগ্রহ করতে সময় লাগে। যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের কোনো গাফিলতি নেই।বিরোধী দলের সমালোচনা করে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষা না করে দেশের রাজনীতি করুন। সংসদে এসে কথা বলুন।’অনুষ্ঠানের সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, ১৯৭৩ সালে যে আইনে যুদ্ধাপরাধের বিচার করা হবে, তা আন্তর্জাতিক মানসম্পন্ন। কিন্তু কেউ কেউ আইনটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের সঙ্গে ১৯৭৪ সালের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মধ্যে মিল রয়েছে। সেবার রাজাকাররা বিভিন্ন স্থানে জিতেছিল। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পরও এবার বিরোধীরা অনেক জায়গায় জিতেছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আওয়ামী লীগের ছায়াতলে থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যেসব কর্মকাণ্ড করছে, তা বন্ধ করতে হবে। তারা মুক্তিযুদ্ধ দেখেনি, দেখেছে টেন্ডার বাক্স। আর এটাকেই তারা যুদ্ধক্ষেত্র মনে করে।’নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন বলেন, ‘নির্মূল কমিটি এমন একটি সংগঠন, যেখানে শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিকসহ সমাজের সবাইকে সম্পৃক্ত করতে পেরেছে, যা কোনো রাজনৈতিক সংগঠন করতে পারেনি। তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছে।’নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের সময় যেসব সংগঠন দেশবিরোধী আদর্শ নিয়ে অংশ নিয়েছিল, তাদের সদস্যদেরও বিচার নিশ্চিত করতে হবে। মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।