সরকারের কর্মসূচিতে দেশি সৌর প্যানেল ব্যবহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহার কর্মসূচিতে দেশে তৈরি প্যানেল ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে দেশীয় প্যানেল উৎপাদকদের সংগঠন সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমদানি করা যেসব প্যানেল ব্যবহার করা হচ্ছে, তার অধিকাংশ নিম্নমানের। একটি প্যানেল ২০ বছর চলার গ্যারান্টি থাকলেও এগুলো তিন বছরের মধ্যে বিকল হয়ে পড়ছে। এসব প্যানেলে বিদ্যুৎও উৎপাদিত হয় নির্ধারিত ক্ষমতার (রেটেড ক্যাপাসিটি) চেয়ে কম। আমদানি করা এসব প্যানেল পরীক্ষা করারও কার্যকর কোনো ব্যবস্থা করা হয়নি। এগুলোর দাম কিছুটা কম এবং ব্যবহার করে গ্রাহক ঠকছেন।
দেশে বর্তমানে নয়টি কোম্পানির উৎপাদিত প্যানেল আন্তর্জাতিক মানের বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বলা হয়, এসব প্যানেলের মান পরীক্ষার জন্য উন্নত মানের পরীক্ষাগারও কোম্পানিগুলোর আছে। মান উন্নত হওয়ায় এসব প্যানেল ইউরোপের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামে রপ্তানি হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশি প্যানেলের দাম কিছুটা বেশি। কারণ সরকারের দেওয়া যে শুল্ক সুবিধায় উৎপাদনকারীরা কাঁচামাল আমদানি করেন, প্যানেল আমদানিকারকেরা সেই একই সুবিধা নিয়ে প্যানেল এনে বাজারজাত করেন। দেশি শিল্পকে সরকার সুরক্ষা না দিলে এই শিল্প টিকতে পারবে না। গ্রাহকও ভালো মানের প্যানেল পাবেন না।
সংবাদ সম্মেলনে ক্রেতার অধিকার সংরক্ষণ, দেশীয় শিল্পের সুরক্ষা ও নিম্নমানের প্যানেল আমদানি ঠেকাতে এই পণ্য আমদানির ওপর ২০-২৫ শতাংশ কাস্টমস ডিউটি ও সমহারে সাপ্লিমেন্টারি ডিউটি আরোপসহ ১১ দফা দাবি জানানো হয়। বলা হয়, বর্তমানে দেশে বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের নতুন চাহিদা প্রতিমাসে পাঁচ মেগাওয়াট। কিন্তু দেশীয় শিল্পের উৎপাদনক্ষমতা প্রতি মাসে আট মেগাওয়াটেরও বেশি।
তা ছাড়া, সরকার ২০১৭ সালের মধ্যে আরও ৩০ লাখ বাড়িতে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর যে পরিকল্পনা নিয়েছে, দেশীয় প্যানেল ব্যবহার করা না হলে ওই প্যানেল আমদানির জন্য প্রায় এক হাজার ১০০ কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে। দেশীয় প্যানেল ব্যবহার করা হলে এই বৈদেশিক মুদ্রা বাঁচবে।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিল চৌধুরী, সহসভাপতি মনোয়ার এম মঈন, আনসার উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।