‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী মানুষের সেতুবন্ধন’ স্লোগান নিয়ে গতকাল শনিবার শেরপুর ও নেত্রকোনায় বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বেসরকারি সংস্থা কারিতাস ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন আদিবাসী সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচি থেকে সরকারের কাছে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গারো পাহাড়ের বাবেলাকোনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসিও ম্রং। ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা হয়।
এ উপলক্ষে সকালে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি ও আদিবাসী নেতা মতিলাল হাজংয়ের সভাপতিত্বে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা হয়।