সরকারের কাছে ক্যানসার গুরুত্ব পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ক্যানসারের প্রকোপ বাড়ছে। তবে সরকার একে বাড়তি গুরুত্ব না দিয়ে অন্যান্য অসংক্রামক রোগের সঙ্গে ক্যানসার প্রতিরোধের উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসারের ভয়াবহতার তুলনায় এই উদ্যোগ সামান্য।ক্যানসার বিষয়ে সরকারের কৌশলপত্রে বলা হয়েছে, প্রতিবছর দেশে দুই লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়, এক লাখ ৫০ হাজার রোগী মারা যায়। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব ও প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্যানসারের প্রকোপ বাড়ছে।সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় ২০০৮ সালে ক্যানসার নিয়ন্ত্রণে কৌশলপত্র প্রণয়ন করে। ২০১৫ সালের মধ্যে কী কী করা হবে, সেই কর্মপরিকল্পনাও ওই কৌশলপত্রে ছিল।ক্যানসার-বিশেষজ্ঞ এ বি এম এফ করীম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চেয়েছিল বলে কৌশলপত্র তৈরি করেছিল সরকার। তবে বাস্তবায়নে কিছুই করা হয়নি।কৌশলপত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করে ক্যানসারের রোগীর সংখ্যা কমানো, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় বাড়ানো, কার্যক্রমে মানুষকে সম্পৃক্ত করাসহ ধনী-দরিদ্র সবার চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হয়।তামাক নিয়ন্ত্রণ, খাদ্যাভাস ও আচরণ পরিবর্তনের ফলে কীভাবে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা নিয়ে প্রচারণার বিষয়টিও কৌশলপত্রে গুরুত্ব পায়। ‘ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল ট্রাস্ট ফান্ড’ নামের তহবিল তৈরি এবং স্বাস্থ্যবিমা চালু করার কথাও তাতে বলা হয়। কথা ছিল ‘ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান অব অ্যাকশন ২০০৯-২০১৫’ শিরোনামের কৌশলপত্র বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের করা কৌশলপত্রটি বর্তমান সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে না। তারা বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় সরকার অসংক্রামক রোগের (ক্যানসার, ডায়াবেটিস, হূদেরাগ ও দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট) জন্য কৌশলপত্র করেছে। ক্যানসারের জন্য করা কৌশলপত্র বাস্তবায়নে যে অর্থ দরকার, তা তাদের নেই।অধিদপ্তরের অসংক্রামক রোগ বিভাগের উপকর্মসূচি ব্যবস্থাপক এ কে এম জাফরউল্লাহ বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচিতে (২০১১-১৬) অন্তর্ভুক্ত করা হয়েছে। সাতক্ষীরার দুটি উপজেলায় এই চারটি রোগের ওপর স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টির একটি দিশারি প্রকল্প শেষ হয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে আগামী মাসে ১০০টি উপজেলায় কার্যক্রম শুরু হবে।নীতিনির্ধারণী সভা হয় না: জাতীয় পর্যায়ে ক্যানসার নিয়ন্ত্রণে ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল কাউন্সিল আছে। এই কাউন্সিলে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা। স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে এর সভা হওয়ার কথা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এর কোনো সভা হয়নি।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ক্যানসার নিয়ন্ত্রণ টাস্কফোর্স আছে। এ ছাড়া জেলা পর্যায়েও কমিটি আছে। এই টাস্কফোর্সসহ অন্য কমিটিগুলোর কোনো সভা হয় না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সেবা পরিস্থিতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উন্নয়নশীল দেশগুলোতে প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি রেডিওথেরাপি যন্ত্রের সুবিধাসহ একটি ক্যানসার কেন্দ্র থাকতে হবে। দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে এ রকম কেন্দ্র ২০টিও নেই। যেগুলো আছে তার অধিকাংশ ঢাকায়।সূত্র বলছে, সরকারি ও বেসরকারি হাসপাতালে এই রোগীদের জন্য শয্যা আছে ৫০০টিরও কম। মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন রোগীর দীর্ঘ সারি চোখে পড়ে। এই হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, প্রয়োজনের তুলনায় কম মানুষকে তাঁরা সেবা দিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। কিন্তু সারা দেশে রোগ নির্ণয়কেন্দ্র যেমন নেই, তেমনি মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ৮০ শতাংশ রোগী হাসপাতালে আসে পরিস্থিতি খুব খারাপ হওয়ার পর।এ বি এম এফ করীম বলেন, মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই। মানুষ সচেতন হলে কম মানুষ আক্রান্ত হবে, হাসপাতালের ওপর চাপ কম পড়বে। তিনি বলেন, প্রতিরোধ ও নিরাময়ের মূল দায়িত্ব সরকারকেই নিতে হবে। তবে আরও বেশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা বাড়াতে হবে।