বিএনপি অভিযোগ করেছে, সরকার হত্যার রাজনীতি করছে বলে তাদের কাছে মানুষের জীবনের চেয়ে ট্রেনের বগির মূল্য বেশি। দলটির নেতারা দাবি করেছেন, দুর্ঘটনার পর সরকার বিএনপির ওপর দায় চাপাতে চাইছে। গতকাল শুক্রবার একাধিক অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন।নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের নতুন কমিটি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘১১টি বগি পুড়ে গেছে, সে জন্য তদন্ত কমিটি, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা, সে জন্য তৎক্ষণাৎ বিএনপিকে দায়ী করে যোগাযোগমন্ত্রীর বিবৃতি। কিন্তু যে সাতজন মানুষ মারা গেল—সে বিষয়ে কোনো তদন্ত কমিটি হয়নি।’ নজরুল ইসলাম প্রশ্ন রাখেন, এ সরকারের কাছে কি সাতজন মানুষের জীবনের চেয়ে ১১টি বগির দাম বেশি?সিরাজগঞ্জ ও নাটোরে নিহতদের স্মরণে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বিএনপির ওপর দুর্ঘটনার দায় চাপাতে চাইছে।