সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম মজুরি নিয়ে তৈরি পোশাক খাতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। এ জন্য তাঁরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে একদল প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করে তাঁদের নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ীরা তাঁদের নিরাপত্তা দেওয়াসহ আসন্ন রমজান মাসে যেন কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। আমরা বলেছি, তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশুলিয়ায় যেভাবে পুলিশকে হেনস্তা করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে কেউ যেন এভাবে আইন নিজের হাতে তুলে না নেয়, সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, পোশাকশিল্পের মাধ্যমে দেশের ৮০ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই এ খাতের স্বার্থ রক্ষায় সবার সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত।বিজিএমইএর সভাপতি সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। তবে রমজান মাসেও যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে কারণেই আমরা সরকারের সহযোগিতা চেয়েছি।’