সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করুন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাজের ভালো দিক ও গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সেরা রিপোর্ট-২০১০ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে সাংবাদিকদের দায়বদ্ধতা আছে। তাই সাংবাদিকদের কাজের মানোন্নয়ন ঘটাতে হবে। নারীদেরও আরও বেশি করে এই পেশায় আসতে হবে। তিনি বলেন, সমস্যা তুলে ধরার পাশাপাশি তা সমাধানের উপায় নিয়ে সংবাদ করতে হবে। সরকারের দুই বছরের ভুলত্রুটি সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকার সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমের সহযোগিতা চায়।ছয় বিভাগে এবার আটজন প্রতিবেদক ডিআরইউ সেরা রিপোর্ট-২০১০ পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁরা বিভিন্ন পুরস্কারের জন্য নির্দিষ্ট অর্থের চেক পেয়েছেন।শিক্ষাবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন প্রথম আলোর প্রধান প্রতিবেদক শরিফুজ্জামান। অনুসন্ধানী অর্থনৈতিক সেরা প্রতিবেদনের জন্য এফবিসিসিআইয়ের পুরস্কার পেয়েছেন যুগান্তর-এর জাকির হোসেন এবং অবজেকটিভ ইকোনমিক সেরা প্রতিবেদনের জন্য ডিসিসিআইয়ের পুরস্কার পেয়েছেন যায়যায়দিন-এর হাসান আরিফ।এ ছাড়া ক্রীড়াবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য কালের কণ্ঠ-এর রাহেনুর ইসলাম নাভানা পুরস্কার, মুক্তিযুদ্ধবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য যুগান্তর-এর হোসাইন জাকির ও বাংলাদেশ প্রতিদিন-এর আরিফুর রহমান যৌথভাবে শহীদ জায়া হাসনা কাদির স্মৃতি পুরস্কার পেয়েছেন। সেরা অনুসন্ধানী টেলিভিশন প্রতিবেদনের জন্য ঢাকা সিটি করপোরেশনের পুরস্কার পেয়েছেন যৌথভাবে এটিএন বাংলার কেরামত উল্লাহ ও বৈশাখীর সাইফুল হাসান। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি ও জুরি বোর্ডের অন্যতম সদস্য মনোয়ার হোসেন, ডিআরইউর সভাপতি মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুদ্দীন আহমেদ বক্তব্য দেন।