সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্বের প্রাকৃতিক সপ্তাচার্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া হয়েছিল। এখন সেই সরকারের পৃষ্ঠপোষকতাতেই সুন্দরবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। নৌমন্ত্রীর কথা শুনলে মনে হয় সুন্দরবনে কিছুই হয়নি। এসব অযোগ্য
মন্ত্রীর কারণেই দেশ রসাতলে যাচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সুন্দরবনে চলমান দূষণ ও ধ্বংসের বিরুদ্ধে ‘বাঁচুক সুন্দরবন’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘নগরনাট’। সন্ধ্যা পৌনে সাতটায় অনুষ্ঠান শুরু হয়ে তা চলে রাত নয়টা পর্যন্ত।
সমাবেশে বক্তব্য দেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, গবেষক সুমনকুমার দাশ, গণজাগরণ মঞ্চ সিলেটের সমন্বয়ক দেবাশীষ দেবু, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, পরিবেশবিষয়ক সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত ও ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সহিদুজ্জামান পাপলু। সমাবেশ সঞ্চালনা করেন দীপংকর দাশগুপ্ত।
বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে আবৃত্তি, গান ও নাটক পরিবেশন। এতে শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, হিমেল হাসান বৈরাগীসহ উদীচী, মৃত্তিকায় মহাকাল ও নগরনাটের শিল্পীরা অংশ নেন।