সরকারের কার্যক্রম জানার অধিকার রয়েছে জনগণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সরকারের কার্যক্রম জানার অধিকার রয়েছে জনগণের। সরকারের কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত কেউ জানতে চাইলে তা সরবরাহ করা প্রতিটি মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব।গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত তথ্য অধিকার আইনবিষয়ক এক মতবিনিময় সভায় শফিক আহমেদ এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় প্রথম অবস্থায় আইন সম্পর্কে সবাই জানেন কি না, সন্দেহ রয়েছে। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে ২০০৯ সালে আইনটি করা হয়। কিছু স্টেট সিক্রেট ছাড়া সরকারি যেকোনো তথ্য জানার সাংবিধানিক অধিকার জনগণের রয়েছে।’ তিনি বলেন, যে যে ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি ও করতে চাচ্ছি, ঘাটতি থাকলেও জনগণের তা জানার অধিকার রয়েছে।সঠিকভাবে তথ্য উপস্থাপন না করায় বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে অনেকে বলছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। এটা সঠিক নয়। দেশীয় আইনে দেশীয় ট্রাইব্যুনালে ওই অপরাধের বিচার হচ্ছে। তিনি বলেন, অপরাধ ও ট্রাইব্যুনালের বিষয়টি সঠিকভাবে তুলে না ধরায় বিদেশেও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।শফিক আহমেদ বলেন, মাঝে মাঝে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা খর্ব করার জন্য আইন করা হচ্ছে। কিন্তু দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিজস্ব প্যানেল আইনজীবী আছে। এ ছাড়া নিয়োগে আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি রয়েছে।দুর্নীতি প্রতিরোধে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে আইনমন্ত্রী সচেতনতা বাড়াতে মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন নিয়ে কৌতূহল রয়েছে। ঢাকায় কোনো কোনো ক্ষেত্রে এটা বাস্তবায়িত হলেও ঢাকার বাইরে জনগণ সহায়তা পাচ্ছে না। প্রত্যেক মন্ত্রণালয়ে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো ক্ষেত্রে ওই কর্মকর্তা অনুপস্থিত থাকলে, বিকল্প ব্যবস্থাও রাখতে হবে।স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘তথ্য অধিকার আইন নিয়ে প্রচুর কাজ করা প্রয়োজন। আমরা হয়তো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করেছি, কিন্তু তাঁদেরকে দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে।’ এই সেবা মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তিনি। প্রধান তথ্য কমিশনারের সভাপতিত্বে মতবিনিময়ে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, কৃষিসচিব সি কিউ কে মুসতাক আহমদ, গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, সাদেকা হালিমসহ ১২টি মন্ত্রণালয়/বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। তথ্য কমিশন ও বেসরকারি সংস্থা এমআরডিআই যৌথভাবে মতবিনিময় ও প্রশিক্ষণের আয়োজন করে।