
জনসাধারণের সামনে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গতকাল সোমবার থেকে বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলায় জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নিচ্ছে। মেলা উপলক্ষে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকালে বেলুন উড়িয়ে মেলার কার্যক্রম শুরু করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। বিকেলে মেলা প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন নাহার।
ঠাকুরগাঁও
জেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় জেলার সরকারি-বেসরকারি সংস্থার ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
নীলফামারী
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অতিথিদের নিয়ে শহরের বড় মাঠে মেলা প্রাঙ্গণে বেলুন ও কবুতর ওড়ান জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকবর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।
সৈয়দপুর (নীলফামারী)
পার্বতীপুর শহরের বাস টার্মিনাল চত্বরে বেলা তিনটায় মেলার কার্যক্রম শুরু করেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ইউএনও তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, অধ্যক্ষ গোলাম রসুল, আবুবক্কর ছিদ্দিক, পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক প্রমুখ। এ ছাড়া সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। সভাপতিত্ব করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
পঞ্চগড়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে উন্নয়ন মেলা উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলা আড়াইটায় শোভাযাত্রা বের করা হয়। এটি সরকারি মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ—ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। মেলা উপলক্ষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গাইবান্ধা
শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠ থেকে সকালে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি পুনরায় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। মেলায় ৫৬টি স্টল রয়েছে। পরে উন্মুক্ত মঞ্চে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন হুইপ মাহাবুব আরা বেগম, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর প্রমুখ। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পাটগ্রাম (লালমনিরহাট)
বেলা তিনটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলমসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।