সরকারের কালক্ষেপণ যুদ্ধাপরাধীদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘সরকারের কালক্ষেপণ তাদের (যুদ্ধাপরাধী) স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বিধান করছে। এতে তারা প্রাপ্য শাস্তি পাচ্ছে না। গোলাম আযমের স্বাভাবিক মৃত্যু আমাদের ন্যায়বিচারের পথকে অনিশ্চিত করে তুলছে। এভাবে বিচারাধীন অবস্থায় যদি একে একে সব যুদ্ধাপরাধীরই স্বাভাবিক মৃত্যু হতে থাকে, তাহলে তা হবে জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা আর ঘৃণার।’
গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার এই অভিযোগ করেন।
শাহবাগে ‘অভিশাপ দিচ্ছি’ শিরোনামে এক প্রদর্শনীতে গোলাম আযমের মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী সময়ে দেশবিরোধী অপতৎপরতার দলিল-দস্তাবেজ প্রদর্শন করছে গণজাগরণ মঞ্চ। প্রদর্শনীর দ্বিতীয় দিনের এই সংবাদ সম্মেলনে গোলাম আযমের স্বাভাবিক মৃত্যুতে গণজাগরণ মঞ্চের ‘হতাশা’ প্রকাশ করেন ইমরান এইচ সরকার।
বিচারাধীন অন্যান্য যুদ্ধাপরাধীর ক্ষেত্রে যেন এ ঘটনা না ঘটে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে গণজাগরণ মঞ্চের লিখিত এই বক্তব্যে বলা হয়, এর অন্যথা ঘটলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি কেবল নথিভুক্ত ইতিহাসই রয়ে যাবে, তার স্বাভাবিক বাস্তবায়ন ঘটবে না। ইতিহাস লিখবে—শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীসহ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এই রাজাকার, আলবদরেরা কিন্তু স্বাধীন বাংলাদেশে এসব যুদ্ধাপরাধীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
‘পুলিশ পাহারায়’ জাতীয় মসজিদে গোলাম আযমের জানাজার অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের ‘হিমশীতল নীরবতা’ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়ে চলছে বলে মন্তব্য করেন ইমরান।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকি আক্তার, মঞ্চের সংগঠক মারুফ রসূল প্রমুখ উপস্থিত ছিলেন।