বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে ব্যর্থতার জন্য পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির পররাষ্ট্র ও মন্ত্রিসভা বিভাগকে কারণ দর্শাতে বলেছেন। গত বুধবার বিচারপতি আমির হানি মুসলিমের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের তিন সদ্যস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই আদেশ নিয়ে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, এই আটকে পড়া দুই লাখ ৩৭ হাজার পাকিস্তানিকে ফিরিয়ে নিতে পাকিস্তানের আদালতে আবেদন জানানো হয় ২০০৯ সালে। এই আবেদন করেন আইনজীবী রাশিদুল হক কাজী। তিনি আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার জন্য গঠিত একটি সংগঠনের সঙ্গে জড়িত।
পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার জন্য আবেদনের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে জবাব দিতে সরকারের দুই মন্ত্রণালয়কে আদেশ দেন আদালত। আদালতের আদেশে বলা হয়, এর ব্যতয় ঘটলে আগামী শুনানিতে এই দেরির কারণ জানাতে দুই মন্ত্রণালয়ের সচিবকে আদালতে ডাকা হবে।
পাকিস্তানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহেল মাহমুদ আদালতকে জানান, বেশ কয়েকবার যোগাযোগের পরও পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিসভা বিভাগের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।