তিন বছরেও পিলখানা হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিদের বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা জড়িত ছিলেন বলেই বিচারের নামে প্রহসন চলছে।বিডিআর বিদ্রোহের তিন বছর উপলক্ষে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় এম কে আনোয়ার এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।এম কে আনোয়ার বলেন, ‘পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে প্রধানমন্ত্রী ১৪ জন নন-কমিশন্ড কর্মকর্তার সঙ্গে কথা বলেন। অথচ তাঁদের ব্যাপারে আর কোনো তথ্য জাতিকে দেওয়া হয়নি। এখন সরকার ওই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে। তারা বলছে, বিএনপির নেতারা নাকি নৌকায় করে খুনিদের পার করেছেন। সরকারকে বলব, বিএনপির নেতারা নৌকার ব্যবসা করেন না। তাই খুনিদের পার করার প্রশ্নই আসে না।’বিএনপির এই নেতা বলেন, হত্যাকাণ্ডের পর অনেক বিডিআর সদস্যকে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে। এটা ঠিক হয়নি।বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়—সাংবাদিক দম্পতি হত্যার বিষয়ে প্রধানমমন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন এম কে আনোয়ার। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘তাহলে কোথায় থাকলে আপনি জনগণের নিরাপত্তা দিতে পারবেন?’ এম কে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে আলাদা আইন করেছেন। এমনকি যাঁরা বিদেশে জন্মগ্রহণ করেছেন, তাঁদের নিরাপত্তাও নিচ্ছেন। অথচ দেশের জনগণের নিরাপত্তা দিতে পারবেন না। তাহলে পদে আছেন কেন?এনপিপির সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।২৫ ফেব্রুয়ারি শোক দিবস ঘোষণার দাবি: এদিকে ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিনকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে লেবার পার্টি।মানববন্ধনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিআর বিদ্রোহ সম্পর্কে বলেন, ‘পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়ে কারা ধুতি পরে সীমান্ত পাড়ি দিয়েছেন, জাতি তা জানতে চায়।’