সরকারের কোনো কর্মসূচি নেই
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার স্মরণে আজ শনিবার বাংলাদেশ সরকারের কোনো কর্মসূচি নেই। দুঃসহ হামলার ওই ভয়াবহতা বাংলাদেশ ভুলে যেতে চায়। এক বছর আগে গুলশানের ওই জঙ্গি হামলা দেশে-বিদেশে বাংলাদেশ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। ভয়াবহ ওই জঙ্গি হামলায় দেশের ভেতরে অনেক মানুষের জীবনকে স্তব্ধ করে দিয়েছিল।
এদিনের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দিনটি স্মরণে সরকারের বা মন্ত্রণালয়ের কোনো কর্মসূচি নেই। তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাপনায় হোলি আর্টিজানের সামনে নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান খান প্রথম আলোকে জানান, হোলি আর্টিজানের কর্তৃপক্ষই স্মরণ অনুষ্ঠানের মঞ্চটি করে দিচ্ছে, পুলিশ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। জাপান ও ইতালির সরকারি প্রতিনিধিদলের সদস্যরা সেখানে শ্রদ্ধা জানাতে যাবেন।
এর আগে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গত বৃহস্পতিবার এই প্রতিবেদককে জানান, গুলশানের হামলার স্মরণে সরকারের কোনো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেই।
গুলশানে হামলার এক বছর পূর্তিতে বিশেষ কোনো কর্মসূচি নেই ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক আওয়ামী লীগের। গতকাল বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সারা বছর ধরেই তো জঙ্গিবাদবিরোধী নানা কর্মসূচি আমাদের থাকে। হোলি আর্টিজানের এই দিনটিকে ধরে পৃথক কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই।’
তবে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, জঙ্গি হামলায় যেসব দেশের নাগরিকেরা নিহত হয়েছেন, তাঁদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে ওই দেশগুলোর মিশনে দলের পক্ষ থেকে বার্তা পাঠানো হবে। অবশ্য এর আগে সন্ধ্যায় দলীয় কর্মসূচি দেওয়া হবে কি না তা নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যে আলোচনা হয়। এ নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলেও শেষ পর্যন্ত দলটি কোনো কর্মসূচি দেয়নি।
সরকারের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে জানান, হোলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার বার্ষিকীতে কোনো কর্মসূচি নেই।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই প্রতিবেদককে জানান, হোলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার বার্ষিকীতে সরকারের অন্যতম শরিক জাসদেরও কোনো কর্মসূচি নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে জানান, ইতালির নিহত ৯ নাগরিকের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের বাংলাদেশে আসার বিষয়টি মে মাসে সরকারকে জানানো হয়েছিল। ওই সময় ঢাকায় ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা জানতে চেয়েছিলেন, নিহতদের স্মরণে ইতালির একাধিক নাগরিক ঢাকায় আসতে চান। ওই সময় বাংলাদেশ সরকার কোনো অনুষ্ঠান করলে তাতে অংশ নিতে আগ্রহী ইতালির নাগরিকেরা। পরে অবশ্য ইতালিকে জানানো হয়েছে, বাংলাদেশ কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে নিহত ৯ ইতালীয় নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাতে চার সদস্যের একটি ইতালীয় প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। এ ছাড়া নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাপানের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলশানের রেস্তোরাঁয় গত বছরের জঙ্গি হামলা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে বিপাকে ফেলেছিল। এর আগে গুলশানে ইতালির এবং রংপুরে জাপানের নাগরিক হত্যার পর বাংলাদেশে আইএসের উপস্থিতির বিষয়টি সামনে এনেছিল পাশ্চাত্যের দেশগুলো। ১ জুলাইয়ের হামলার পর তারা সেই দাবিকে আরও জোরালো করে তুলেছিল। জঙ্গি হামলায় বাংলাদেশ ছাড়াও জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র এবং ভারতীয় নাগরিকদের হত্যার ফলে এ দেশে বিদেশিদের নিরাপত্তার ঝুঁকির প্রসঙ্গটি ব্যাপক পরিসরে আলোচনায় চলে এসেছিল।
এদিকে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ভবনটি আজ শনিবার সকালে চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া ওই হামলার এক বছর পূর্তি ও নিহত ব্যক্তিদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি শান্তি সমাবেশ করবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বেলা ১১টায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গুলশানের এই বেকারিতে পুষ্পস্তবক দেবে।
হোলি আর্টিজান বেকারির মালিকদের একজন সাদাত মেহেদী প্রথম আলোকে বলেন, ‘যে কেউ এসে ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন। শনিবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক শান্তি সমাবেশ করবে। শান্তি-সমাবেশে নিহতদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন, আলোচনা, গান, কবিতা পাঠের মাধ্যমে নিহতদের স্মরণ করা হবে। সমাবেশে সংস্কৃতিকর্মী ও নাগরিকদের সাদা পোশাকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।