সরকারের কোনো ব্যর্থতা নেই: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের কোনো ব্যর্থতা নেই। আজ রোববার বিকেলে রাজধানীর জিপিওর পোস্টাল অডিটোরিয়ামে পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, এ সরকারের বিরুদ্ধে আনা বিএনপির সব অভিযোগ এরই মধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। যখনই যার নামে কোনো অভিযোগ উঠেছে, সরকার তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পদ্মা সেতু প্রকল্প, হল-মার্ক কেলেঙ্কারির মতো বিষয়গুলোতে সরকার তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, বিএনপির ধর্মীয় উন্মাদনা আর সাম্প্রদায়িক উসকানির চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলার জনগণ তাদের ষড়যন্ত্রের জাল ধরে ফেলেছে।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘নতুন ধারার’ রাজনীতির সমালোচনা করে হানিফ বলেন, ‘আপনার নতুন ধারা কি দেশের কল্যাণে না অকল্যাণে? দেশের কল্যাণে হলে আমরা সাধুবাদ জানাব। তবে আপনার কাছে আমার প্রশ্ন, আজকের এ নতুন ধারা আবিষ্কার করে কি স্বীকার করে নিলেন যে বিগত আমলে আপনারা ভুল ধারায় সরকার পরিচালনা করেছেন?’

আমলাতান্ত্রিক জটিলতার কারণে পাঁচ হাজার পোস্টম্যান নিয়োগ দেওয়া যায়নি, স্বীকার করে হানিফ বলেন, ‘আমরা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সচেতন ছিলাম। খোঁজখবর নিয়েছি। নিয়োগের বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।’

সংগঠনের সভাপতি নাছের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।