সরকারের ক্ষমতায় থাকা নিয়ে সংশয় জামায়াত নেতার
‘সরকারের কাজ দেখে মনে হয়, তারা নিজের মাথায় নিজেরাই বাড়ি দিচ্ছে। আমরা সব চেষ্টা করলেও সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হয় না।’সরকারের কর্মকাণ্ড নিয়ে এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।জামায়াতের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।সরকারকে উদ্দেশ্য করে এ টি এম আজহার বলেন, ‘জুলুম-নির্যাতন বন্ধ করুন। পাঁচ বছর ক্ষমতায় থাকবেন, আমরা সমর্থন দেব। যদি জনগণের জন্য কাজ না করেন, জনগণ আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে।’মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতারা কোনো অন্যায় করেননি দাবি করে আজহার বলেন, হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকলে তাঁরা মন্ত্রী-সাংসদ হতে পারতেন না। তাঁদের বিরুদ্ধে কল্পিত অভিযোগ আনা হয়েছে।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান বলেন, ‘আমাদের জানমালের বিনিময়ে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে।’জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আবদুল হালিম, রেদওয়ান উল্লাহ শাহেদী, মশিউল আলম প্রমুখ কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন।