সরকারের কড়া সমালোচনায় এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে গ্রেপ্তার, গুম, বিচারবহির্ভূত হত্যা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত বৃহস্পতিবার প্রকাশিত সংগঠনটির ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৭’-তে এ সমালোচনা করা হয়।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, সংবাদমাধ্যম ও বেসামরিক লোকজনের ওপর সরকার দমনপীড়ন চালিয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকজন আটক, পঙ্গু, হত্যা এবং গুমের শিকার হয়েছেন।
প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে, ব্লগার, ধর্মনিরপেক্ষ ব্যক্তি, শিক্ষাবিদ, সমকামী অধিকারকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সহিংসতার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশের কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। অনেকেই জঙ্গি হামলায় নিহত হয়েছেন।
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ কত সময়, কত প্রতিবেদনই তো দেয়। না দেখে এই বিষয়ে মন্তব্য করতে পারব না।’
এই বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আমরা এখনো প্রতিবেদনটি দেখিনি। কাজেই না দেখে মন্তব্য করা ঠিক হবে না। তবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সারা বিশ্বেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেশি ছিল। বাংলাদেশেও তাই। তবে যখনই মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েছে, জাতীয় মানবাধিকার কমিশন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে।’
৬৮৭ পৃষ্ঠার প্রতিবেদনে এইচআরডব্লিউ ৯০টির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। সূচনা মন্তব্যে সংগঠনটির নির্বাহী পরিচালক কেনেথ রথ লিখেছেন, কর্তৃত্বপরায়ণ লোকরঞ্জনবাদী নতুন প্রজন্ম মানবাধিকার সংরক্ষণের ধারণা বদলে দিতে চাইছে।
প্রতিবেদনে বলা হয়, একের পর এক ব্লগার হত্যাকাণ্ড হলেও ব্যবস্থা না নিয়ে ব্লগারসহ অন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা থেকে বিরত থাকতে বলা হয়। তবে গত বছরের মে মাসে সরকার ব্লগার, ধর্মনিরপেক্ষ, শিক্ষাবিদ ও সমকামী অধিকারকর্মীদের খুনিদের ধরতে উদ্যোগী হয়। তবে খুনিদের শনাক্ত ও বিচারের আওতায় না এনে কর্তৃপক্ষ জুন মাসে মাত্র ৮ দিনে ১৫ হাজার লোককে আটক করে। এর কিছুদিন পরই ১ জুলাই গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় কয়েক ডজন জঙ্গি সমর্থক গোষ্ঠীর সদস্যকে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করে রাষ্ট্রীয় বাহিনী। এ ছাড়া রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে জিম্মি দুই ব্যক্তি এবং সেখানকার এক কর্মীসহ কয়েকজনকে গোপন স্থানে আটক করে রাখা হয়, যাঁদের সঙ্গে পরিবারের সদস্য বা আইনজীবীদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি। দুই জিম্মির একজনকে পরে ছেড়ে দেওয়া হলেও একজন এখনো আটক রয়েছেন।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্বিচারে গ্রেপ্তার, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। তবে এই অবমাননাকর চর্চার কোনো বিচার নেই। তিনি আরও বলেন, দেশে ক্রমবর্ধমান নিরাপত্তা সমস্যায় জনগণের সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের জন্য জরুরি, তবে তা করতে হবে মানবাধিকার সমুন্নত রেখেই।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে বেসামরিক লোকজন, সংবাদমাধ্যম ও বিরোধী দলের ওপর সরকারের দমন-নিপীড়ন বেড়েছে। দেশের দুটি শীর্ষ সংবাদপত্রের সম্পাদককে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি মামলাও রয়েছে। নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে কাজের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হচ্ছে। গত অক্টোবরে সরকার বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) নিয়ন্ত্রণ আইন পাস করে, যার মাধ্যমে বেসরকারি সব প্রতিষ্ঠানের ওপর ব্যাপক ও অবাধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায়।
‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৭’-এর বাংলাদেশ অংশে আরও বলা হয়, বিরোধী দলের বহু সদস্য আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। অনেকের বিরুদ্ধেই ফৌজদারি মামলা চলছে, আর বাকিরা হয় আটক, না হয় নিখোঁজ।