বিএনপির নেতা ইলিয়াস আলী সরকারের ‘গুমের রাজনীতি’র সর্বশেষ শিকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের নাসিমন ভবনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিএনপির অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে।উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আমীর খসরু বলেন, ‘পিতার পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা বিরোধী দলের রাজনীতি ও নেতাদের নির্মূল করতে গুমের মতো ঘৃণ্য মানবতাবিরোধী পন্থা বেছে নিয়েছেন। সরকারের গুমের রাজনীতির সর্বশেষ শিকার বিএনপির নেতা ইলিয়াস আলী।’সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘অবিলম্বে ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন। নতুবা জনগণই আপনাদের গুম করে দেবে। গুম, খুনের রাজনীতির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করার পরিণাম আপনাদেরই ভোগ করতে হবে।’