সরকার রাজনৈতিক উদ্দেশ্যে গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে, চাকরি হারাচ্ছেন সাংবাদিকেরা। সরকারের চাপে চালু থাকা গণমাধ্যম সারা দেশের আন্দোলনের সঠিক চিত্র তুলে ধরতে পারছে না। এর বিরুদ্ধে সাংবাদিকেরা আন্দোলন চালিয়ে যাবেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ নেতারা গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। প্রেসক্লাবে হামলার প্রতিবাদ, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, সাংবাদিক নির্যাতন বন্ধ, সেন্সরশিপ প্রত্যাহার, সম্প্রচার নীতিমালা বাতিল, মাহমুদুর রহমানের মুক্তি ও সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জানানো হয়, অধিকার আদায়ে তাঁদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আজ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার জন্য বিএফইউজে ও ডিইউজের অপর অংশকে দায়ী করেন।
বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেন, শেখ হাসিনা মিডিয়াবান্ধব নন। টেলিভিশনগুলো এখন হাসিনা, মায়া, ইনু আর সুরঞ্জিতের টিভিতে পরিণত হয়েছে। সরকারের সমালোচনা করলে অবরুদ্ধ করা হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, সরকারের বিরুদ্ধে যাতে কথা বলা না যায়, সে জন্য গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন চলবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি আবদুর রশীদ, মহাসচিব এম এ আজিজ, সাংবাদিক নেতা মীর আহমেদ, কাদের গণি, শহীদুল ইসলাম, আবদুল মান্নান, এরফানুল হক প্রমুখ।